বাগদাদ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকারবিরোধী বিক্ষোভে শুক্রবার উত্তাল হয়ে উঠেছে ইরাক। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কিরকুক থেকে বসরা পর্যন্ত গোটা ইরাকজুড়ে চলছে এ বিক্ষোভ। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে হাওয়িজা শহরে ২ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। পুলিশ একথা জানায়।
অন্যদিকে, এক হাসপাতাল সূত্র জানিয়েছে, কিরকুকের দক্ষিণে সুলাইমান পেক শহরে আহত হয়েছে আরো ছয়জন।
শুক্রবারকে 'বিক্ষোভের দিন' নাম দিয়ে দেশে দুর্নীতি এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইরাকজুড়ে বিভিন্ন শহরে এ বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ।
আরব বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিনের শাসক এবং সরকারের পতন ঘটানোর দাবিতে আন্দোলন হলেও ইরাকের বিক্ষোভটি এদিক থেকে একটু আলাদা।
ইরাকে সরকার পতনের দাবিতে নয় বরং বিক্ষোভ হচ্ছে দুর্নীতি অবসান, মানুষের মৌলিক চাহিদাপূরণ ও পর্যাপ্ত জনসেবার ব্যবস্থা করার দাবিতে।
হাজার হাজার মানুষ ইরাকের পতাকা এবং ব্যানার নিয়ে সমবেত হয়েছে বাগদাদের কড়া নিরাপত্তাধীন তাহরির চত্বরে।
বিক্ষোভকারীদের বাধা দিতে বাগদাদমুখী সব রাস্তা ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে সেনারা।
কিন্তু সব বাধা উপেক্ষা করে মানুষ দলে দলে বিক্ষোভে যোগ দিচ্ছে।
তাহরির চত্বরে তরুণ এক বিক্ষোভকারী লিনা আলির উক্তি, "আমরা এখানে পরিবর্তনের দাবি নিয়ে এসেছি। দেশের শিক্ষাব্যবস্থা খারাপ, স্বাস্থ্যসেবা খারাপ, সেবার মান দিন দিন খারাপ হচ্ছে। পানি নেই, বিদ্যুৎ নেই, বেকারত্ব বাড়ছে। এ পরিস্থিতি তরুণদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঠেলে দিতে পারে।"
তবে এক গুচ্ছ ফুল হাতে তাহরির চত্বরে দাঁড়িয়ে থাকা লিনা বলেন, "এ বিক্ষোভ শান্তিপূর্ণ। আমরা চাই সরকার আমাদের কণ্ঠ শুনুক। যে সরকারকে আমরাই নির্বাচন করেছি। তাদের উচিত পর্যাপ্ত জনসেবার ব্যবস্থা করা।"
তিনি বলেন, "অন্য দেশগুলো পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছে। তাহলে আমরা হবো না কেনো?"
শুক্রবারের এ বিক্ষোভ আগেই সংগঠিত করা হয়েছিলো ফেসবুকের পাতায় 'ক্ষোভের দিন' পালনের ডাক দিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫০ ঘ.
bdnews24