২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠাবে ব্রিটেন

জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের রায় দিয়েছে ব্রিটিশ আদালত, যদিও সে দেশের আদালতে সুবিচার না পাওয়ার শঙ্কা রয়েছে উইকিলিকস প্রতিষ্ঠাতার আইনজীবীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

লন্ডন ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের রায় দিয়েছে ব্রিটিশ আদালত। বৃহস্পতিবার সাউথ লন্ডনের বেলমার্শ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাওয়ার্ড রিডল এই রায় দেন। যৌন অপরাধের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সুইডেনে হস্তান্তর করা হবে। দুই নারীর সঙ্গে প্রতারণামূলক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে উইকিলিকস প্রতিষ্ঠাতার বিরুদ্ধে। অবশ্য এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জ। তবে লন্ডনের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে অ্যাসাঞ্জের আইনজীবী জানিয়েছেন। আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করছেন, সুইডেনে অ্যাসাঞ্জ হয়তো সুবিচার পাবেন না। তাছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের কয়েক হাজার গোপন বার্তা প্রকাশের জন্য অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে সুইডেন। আর যুক্তরাষ্ট্রে গেলে অ্যাসাঞ্জের মৃত্যুদণ্ড হতে পারে। গত বছর ইরাক ও আফগান যুদ্ধ নিয়ে পেন্টাগনের কয়েক লাখ গোপন নথি এবং বিভিন্ন দেশে দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা কয়েক হাজার গোপন বার্তা প্রকাশ করে বিশ্বব্যাপী ঝড় তোলে অ্যাসাঞ্জের প্রতিষ্ঠান উইকিলিকস। পররাষ্ট্র দপ্তরের মোট আড়াই লাখ গোপন বার্তা প্রকাশের ঘোষণা দেয় ওয়েবসাইটটি। এতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে নাজুক অবস্থায় পড়ে এবং উইকিলিকসের কার্যক্রম বন্ধের জন্যও নানাভাবে চেষ্টা চালানো হয়। এক পর্যায়ে সুইডিশ পুলিশ যৌন অপরাধের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত ৭ ডিসেম্বর লন্ডন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অ্যাসাঞ্জ। নয় দিন কারাবাসের পর কঠিন কিছু শর্তে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে অবস্থান করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/জেকে/এমআই/১৯৪০ ঘ.