২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তাল লিবিয়া, উদ্বিগ্ন বিশ্ব

নতুন মাত্রার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লিবিয়া। গাদ্দাফির দমনাভিযানের হুমকি উপেক্ষা করে মাঠে নামছে আন্দোলকারীরা। উদ্বিগ্ন হয়ে উঠছে আন্তর্জাতিক বিশ্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ইস্তাম্বুল, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন মাত্রার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লিবিয়া। গাদ্দাফির দমনাভিযানের হুমকি উপেক্ষা করে মাঠে নামছে আন্দোলকারীরা। উদ্বিগ্ন হয়ে উঠছে আন্তর্জাতিক বিশ্ব। গাদ্দাফি মঙ্গলবার ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোর কথা জানিয়ে বিক্ষোভ দমনের হুমকি দেওয়ার পর আন্দোলন গতি পেয়েছে। বেনগাজি বিক্ষোভকারীদের কবলে চলে যাওয়ার পর দেশের আরো অনেক শহরই সরকারের হাতছাড়া হয়ে যাচ্ছে। একের পর এক শীর্ষ কর্মকর্তা মুয়াম্মার গাদ্দাফির পক্ষ ত্যাগ করছেন। জাতিসংঘসহ বিভিন্ন দেশ লিবিয়ায় বিক্ষোভ দমনাভিযানের নিন্দা জানাচ্ছে। লিবিয়াকে একঘরে করার ডাক আসছে। আন্তর্জাতিক চাপে কোণঠাসা হয়ে পড়ছেন গাদ্দাফি। তবু আন্দোলনকারীদের প্রতিহত করে ক্ষমতা ধরে রাখতে গাদ্দাফি তার সমর্থকদের মাঠে নামিয়েছেন। তারপরও আন্দোলন থেমে নেই। মিসুরাটা শহরের বিক্ষোভকারীরা বুধবার ওই শহরের দখল নিয়েছে বলে জানিয়েছে। দেশের পূর্বাঞ্চলের বেশির ভাগ এলাকাই বিক্ষোভকারীদের দখলে চলে গেছে। তবার্ক শহর থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ওই শহরে নিরাপত্তা বাহিনীর কোনো চিহ্ন নেই। ওদিকে, বুধবার বেগাজিতে আনন্দ-উল্লাস করেছে বিক্ষোভকারীরা। একদিকে বিক্ষোভের জোয়ার অর অন্যদিকে গাদ্দাফির দমনাভিযানের হুমকিতে বড় ধরনের সংঘাত-সহিংসতার আশঙ্কায় লিবিয়ায় নিজ নিজ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। নাগরিকদের উদ্ধার করতে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ইতোমধ্যেই লিবিয়ায় বিমান এবং জাহাজ পাঠিয়েছে। ত্রিপোলিতে এক তুর্কি শ্রমিক গুলিতে নিহত হওয়ার পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে এ উদ্বেগ সৃষ্টি হয়। তুরস্ক লিবিয়া থেকে ২৫ হাজার নাগরিককে সরিয়ে নিচ্ছে। তুরস্কের ইতিহাসে এত নাগরিককে সরিয়ে নেওয়ার এমন নজির আর নেই। অন্য আরো ২১ টি দেশ তাদের নাগরিকদের লিবিয়া থেকে সরিয়ে নেওয়ার জন্য আঙ্কারার সাহায্য চেয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর ৬শ যাত্রীবাহী একটি ফেরি লিবিয়ায় পাঠিয়েছে। পরিস্থিতি গোলমেলে এবং লোকজন আতঙ্কে আছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়াসহ ইউরোপীয় দেশগুলো নাগরিকদের ফিরিয়ে আনতে বিমান এবং ফ্রিগেট পাঠিয়েছে। জল স্থল ও আকাশপথে লিবিয়া থেকে ১৮ হাজার ভারতীয়কে ফিরিয়ে নিচ্ছে ভারত। চীনও তাদের নাগরিকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা নিয়েছে। জার্মানিও তার সব নাগরিককে লিবিয়া ছাড়তে বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৫ ঘ.