তাইওয়ান, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে তাইওয়ানের শীর্ষ পর্যায়ের এক সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মেজর জেনারেল লো সিয়ে চে কে ২০০৪ সালে নিয়োগ করে চীন। সে সময় তিনি থাইল্যান্ডে ছিলেন বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রণালয়।
স্থানীয় গণমাধ্যমের প্রদিবেদনে বলা হয়েছে, লো তাইওয়ান-যুক্তরাষ্ট্র কর্মসূচির বিস্তারিত তথ্য ফাঁস করেছেন। তবে এ কর্মসূচির তথ্য লো এর জানার অধিকার ছিলো কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কর্মকর্তারা।
গত বছর শুরু হওয়া তদন্তের জেরে লো গ্রেপ্তার হলেন।
কর্মকর্তারা বলেছেন, ২০০২ সাল থেকে ২০০৫ সালের মধ্যে কোনো এক সময়ে লো কে থাইল্যান্ডে পোস্টিং দেওয়া হয়। পরে তাইওয়ানে ফিরে যাওয়ার পর তিনি পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন।
মিলিটারি কমান্ডের যোগাযোগ ও তথ্য কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকালে লো' কে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ লো এর বাড়িতে তল্লাশি চালিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের ১শ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত দলিলদস্তাবেজ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এলকিউ/১৭৫০ঘ.
bdnews24