ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানিয়েছে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি' (এনএলডি)।
এই নিষেধাজ্ঞার প্রভাব বৃহত্তর জনগোষ্ঠী নয় বরং সেনা শাসকদের ওপরই পড়ছে বলে জানিয়েছে তারা।
এনএলডি'র ভাইস চেয়ারম্যান টিন ও রয়টার্সকে বলেছেন, "আমরা দেখেছি যে, এ নিষেধাজ্ঞায় কেবল ক্ষমতাসীন নেতারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনগণ নয়।"
এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেন নি টিন ও। তবে তিনি বলেন, এনএলডি সোমবার দিনশেষে একটি প্রতিবেদন প্রকাশ করবে।
নিজস্ব গবেষণা এবং অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনার ভিত্তিতে দলটি এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে।
১৩ নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়া সু চি সেনাশাসনের বিরুদ্ধে কয়েকদশকের লড়াইয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল রাখাকেই সমর্থন করে এসেছেন।
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া শুরুর জন্য জান্তা সরকারকে চাপের মুখে রাখাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য।
কিন্তু বহু বিশেষজ্ঞই বলে আসছেন, এ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণ দুর্ভোগ পোহাচ্ছে।
সু চি নিজেও মুক্তি পাওয়ার পরপরই প্রাথমিক বিবৃতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করার ইঙ্গিত দিয়েছিলেন।
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, পশ্চিমা নিষেধাজ্ঞা জান্তা সরকারকে সংস্কার পদক্ষেপ নিতে বাধ্য করতে ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৮ ঘ.
bdnews24