কায়রো, ফেব্রুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক দাবি করেছেন, তার পদত্যাগ দেশে বিশৃঙ্খলা ডেকে আনবে।
বৃহস্পতিবার এবিসি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৮২ বছর বয়সী মোবারক দাবি করেন, এখনো তার নেতৃত্ব দেশের প্রয়োজন।
মোবারক বলেন, "আজ যদি আমি পদত্যাগ করি তবে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।"
পদত্যাগের দাবির প্রতি দৃষ্টিআকর্ষণ করা হলে মোবারক বলেন, "আমার সম্পর্কে লোকে কী বললো, তাতে কিছু যায় আসে না। এখনো পর্যন্ত দেশই আমার কাছে গুরুত্বপূর্ণ।"
মোবারকের এই মন্তব্যের ফলে ধারণা করা হচ্ছে, এখনি পদত্যাগের কোনো ইচ্ছা তার নেই।
কিন্তু এরপরও মোবারককে অবিলম্বে পদত্যাগ করার জন্য মিশরের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে মার্কিন প্রশাসন।
নিউ ইয়র্ক টাইমস শুক্রবার জানায়, মিশরের কর্তৃপক্ষের সঙ্গে বৃহস্পতিবারের আলোচনায় অবিলম্বে মোবারকের ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছে ওবামা প্রশাসন।
প্রস্তাবের রূপরেখায় বলা হয়, প্রেসিডেন্ট মোবারক সুলেইমানের নেতৃত্বে ও সেনাবাহিনী সমর্থিত একটি অন্তর্র্বতীকালীন সরকারে হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।
তবে মার্কিন প্রশাসন কিংবা আরব কূটনীতিক কারো নামই উল্লেখ করেনি সংবাদপত্রটি।
মোবারক পাঁচ মেয়াদে ৩০ বছর ধরে মিশরের প্রেসিডেন্ট পদে রয়েছেন। এই দীর্ঘ শাসনামলে এবারই প্রথমবারের মতো জনগণের ব্যাপক বিরোধিতার মুখে পড়েছেন তিনি।
গত দুইদিনে মিশরে আন্দোলনকারীদের সঙ্গে মোবারক সমর্থকদের সহিংসতায় ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ।
প্রবল গণরোষের মুখে প্রেসিডেন্ট মোবারক দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে আর নির্বাচন না করার ঘোষণা দেন। কিন্তু এতেও শান্ত হয়নি বিক্ষোভকারীরা।
শুক্রবারও তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ হবে বলে ধারণা করা হচ্ছে।
এ বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হিসেবে মোবারকের চলতি মেয়াদ শেষ হওয়ার কথা।
অন্যদিকে, মোবারককে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনের নেতারা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অবশ্যই এ মুহূর্তে শুরু হতে হবে। সরকার পরিবর্তনের জন্য মোবারকের ওপর যুক্তরাষ্ট্রও চাপ সৃষ্টি করেছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, এখনই মিশরে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া প্রয়োজন।
মিশরে চলমান মোবারকবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্ততপক্ষে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৪ ঘ.
bdnews24