ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেপ্টেম্বরে মেয়াদ শেষে নির্বাচনে আর অংশ নেবেন না বলে যে ঘোষণা দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। তারা এই মুহূর্তে মোবারকের পদত্যাগ ছাড়া অন্যকিছু মানতে নারাজ।
এরআগে মিশরে প্রবল গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট হোসনি মোবারক রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আর অংশ নেবেন না। বিবিসিসূতে এ খবর জানা গেছে।
এর মধ্যদিয়ে প্রকারান্তরে ক্ষমতা থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।
৩০ বছর ধরে মিশরের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন মোবারক।
গত সপ্তায় মিশরে মোবারককে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে আন্দোলনে নামে জনগণ। ইতোমধ্যে এই আন্দোলনে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট মোবারক আন্দোলনকারীরা তাকে এখুনি ক্ষমতা ছেড়ে দেশত্যাগের যে দাবি তুলেছে তা প্রত্যাখ্যান করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৬ ঘ.
bdnews24