২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুলে গেল ভারতের লোকপাল বিল

মধ্যরাত পর্যন্ত তর্ক-বিতর্কের পর ভারতের ক্ষমতাসীন জোটের শরিক তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধিতায় রাজ্যসভায় আটকে গেছে বহুল আলোচিত দুর্নীতিবিরোধী ‘লোকপাল’ বিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2011, 04:20 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যরাত পর্যন্ত তর্ক-বিতর্কের পর ভারতের ক্ষমতাসীন জোটের শরিক তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধিতায় রাজ্যসভায় আটকে গেছে বহুল আলোচিত দুর্নীতিবিরোধী ‘লোকপাল’ বিল। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, লোকপাল বিলটি গত বুধবার লোকসভায় পাস হলেও রাজ্যগুলোতে এ আইন কার্যকর করতে এবং প্রতিটি রাজ্যে দুর্নীতির নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান ‘লোকাউক্ত’ গড়ে তুলতে রাজ্যসভাতেও তা পাস হতে হবে। বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি তোলা হলে এর ওপর দুইশরও বেশি সংশোধনী প্রস্তাব আসে। বিতর্ক চলে প্রায় ১২ ঘণ্টা। এই পরিস্থিতিতে ক্ষমতাসীন ইউপিএ জোটের শরিক, মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসও বিলটির বিরোধিতা করায় ভোটাভুটি না করেই মধ্যরাতে অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয় রাজ্যসভার অধিবেশন। লোকপাল বিলের ভবিষ্যতও ঝুলে যায়। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মনমোহন সিং সরকারের পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। বিরোধী দলীয় নেতা অরুণ জেটলি রাজ্যসভায় বলেন, “অধিবেশনে যা ঘটেছে তা নিঃসন্দেহে পরিকল্পিত। সরকারের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই ভোটাভুটি থেকে তারা পালিয়ে যাচ্ছে। আর যে সরকার ভোটাভুটি থেকে পালায়, তাদের এক মুহূর্তও দেশ শাসনের অধিকার নেই। ভোটাভুটি এড়িয়ে যাওয়ায় তৃণমূলও সরকারের সমালোচনা করতে ছাড়েনি। দলটির সংসদ সদস্য সুখেন্দুশেখর রায় বলেন, “মধ্যরাতে গণতন্ত্রকে হত্যা করা হলো।” এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির রাস্তা বন্ধ করতে দুর্নীতিবিরোধী স্বাধীন সংস্থা ‘লোকপাল’ গঠনের দাবি বহু পুরনো। ১৯৬৮ সালে প্রথম এ বিল লোকসভায় পাস হলেও তা রাজ্যসভার চৌকাঠ পেরুতে ব্যর্থ হয়। এরপর আরো ৯ বার লোকপাল বিল লোকসভায় উঠলেও তা পাস হয়নি। চলতি বছরের শুরুতে গান্ধীবাদী সমাজকর্মী আনা হাজারে দুর্নীতি প্রতিরোধে কঠোর আইনের দাবিতে অনশনে বসেন। তার প্রতি ব্যাপক জনসমর্থন দেখে সরকার নতুন করে লোকপাল বিল সংসদে তুলতে বাধ্য হয়। কিন্তু বুধবার লোকসভায় যে বিলটি পাস হয়, তাকে ‘ক্ষমতাহীন’ আখ্যায়িত করে আনা হাজারে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০১১ ঘ.