কায়রো, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সামরিক কারাগারে আটক নারী বন্দিদের জোরপূর্বক কুমারীত্ব পরীক্ষা না করতে মঙ্গলবার সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে মিশরের একটি আদালত।
কায়রোর প্রশাসনিক আদালতের প্রধান বিচারক আলি ফেকরি এ আদেশ দেন।
রায় ঘোষণার পর মামলার বাদী সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনতে হয়রানির শিকার হওয়া নারীদের আহ্বান জানিয়েছেন।
আন্দোলনকারীরা জানায়, চলতি বছরের ফেব্র“য়ারিতে হোসনি মুবারককে হটিয়ে ক্ষমতায় বসা জেনারেলদের বিরুদ্ধে এ রায় হলো সিভিলিয়ান আদালতের বিজয়।
কুমারিত্ব পরীক্ষার বিষয়ে প্রকাশ্যে আন্দোলনকারী ও মামলার বাদি সামিরা ইব্রাহিম বলেন, “আমি খুবই খুশী। সামরিক কাউন্সিলের বিরুদ্ধে এটা হলো প্রথম দফা জয়। আর সৃষ্টিকর্তার ইচ্ছায় পরবর্তী দফাতেও জয়ী হবো আমরা।
“এ পরীক্ষা করতে বাধ্যকারী লেফটেন্যান্টের বিরুদ্ধেও মামলায় জয়ী হবো।”
মার্চে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) আন্দোলন চলাকালে আরো ছয় নারীসহ সামিরাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের সবাইকে কুমারীত্ব পরীক্ষা করতে বাধ্য করা হয়।
দক্ষিণাঞ্চলীয় রক্ষণশীল সোহাক এলাকার অধিবাসী সামিরাকে আটকের চারদিন পর সামরিক আদালতে স্থানান্তর করা হয়। কর্তৃপক্ষকে অপমান, অবৈধ সমাবেশে যোগদান ও জরুরি আইন ভঙ্গের অভিযোগে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে চলতি মাসের শুরুতে সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, আটক নারী বন্দিরা যে কুমারী নয় ও এজন্য তারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করতে পারবে না, এটা বোঝানোর জন্যই এ পরীক্ষা করা হয়।
পরে অবশ্য অপর এক কর্মকর্তা এ ধরনের মন্তব্যের কথা অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৯ ঘ.
bdnews24