কারাকাস, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ল্যাতিন আমেরিকার বেশ কয়েকজন নেতা স্বল্প সময়ের ব্যবধানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ধারণা।
শ্যাভেজের মতে এর নেপথ্যে যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত কোনো গোপন প্রযুক্তি হয়তো কাজ করছে।
বুধবার ভেনেজুয়েলার এক সামরিক ঘাঁটিতে সেনাসদস্যদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
মঙ্গলবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজেরও ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পাওয়ার পরই এ মন্তব্য করলেন শ্যাভেজ।
শ্যাভেজ, ক্রিস্টিনা, প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্ডো লুগো, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সবাই ক্যান্সারে ভুগছেন। আর এদের সবাই বামপন্থী।
তবে এটি কোনো অভিযোগ নয় জানিয়ে শ্যাভেজ বলেন, এটি নিছক তার চিন্তা যা তিনি শব্দে প্রকাশ করলেন।
“তারা যদি ক্যান্সার হওয়ার মতো এমন প্রযুক্তি উদ্ভাবন করে থাকে যা এখানো কেউ জানে না তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি নিজেও জানি না। আমি শুধু প্রতিক্রিয়া প্রকাশ করছি,” টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে বলেন তিনি।
“কিন্তু একের পর এক ল্যাতিন নেতাদের ক্যান্সারে আক্রান্ত হওয়া খুব, খুব, খুব আশ্চর্যজনক ঘটনা। এর ব্যাখ্যা দেওয়া, এর কারণ নির্দেশ করা সত্যিই কঠিন। এমনকি সম্ভাব্যতার সূত্র ব্যবহার করেও তা সম্ভব নয়,” বলেন তিনি।
ভাষণে ক্যান্সারে আক্রান্ত হয়নি এমন অন্যান্য ল্যাটিন নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান শ্যাভেজ। এ প্রসঙ্গে তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ বলিভিয়ার বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসকে বিশেষভাবে সতর্ক করেন।
“ইভোর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। নিজের দিকে খেয়াল রেখো ইভো,” বলেন তিনি।
গত জুনে কিউবায় এক অস্ত্রোপচারের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত শ্যাভেজের তলপেট থেকে একটি টিউমার অপসারণ করা হয়।
আর্জেন্টিনার চিকিৎসকরা জানিয়েছেন, ক্রিস্টিনা ফার্নান্দেজের ক্যান্সার থেকে মুক্ত হওয়ার ভালো সম্ভাবনা আছে। তার কেমোথেরাপি বা রেডিওথেরাপির কোনো প্রয়োজন নেই।
৫৭ বছর বয়সী হুগো শ্যাভেজ ও কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কড়া সমালোচক। তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে প্রায়ই “ইয়াঙ্কি সাম্রাজ্য” বলে আখ্যায়িত করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৩ ঘ.
bdnews24