সিউল, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়া বুধবার শুরু হয়েছে। রাজধানী পিয়ংইয়ংয়ে দুইদিনব্যাপী রাষ্ট্রীয়ভাবে তার শেষকৃত্যানুষ্ঠান পালিত হচ্ছে।
টেলিভিশনচিত্রে দেখা গেছে, কিম জং ইলের বিশাল আকারের ছবি পিয়ংইয়ংয়ের তুষারাচ্ছন্ন রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার সেনা মাথা নুয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভশন চিত্রে দেখা গেছে, শববাহী গাড়ির পাশে পাশে হেঁটে যাচ্ছেন কিমের তৃতীয় ছেলে ও উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন। এছাড়া তার সঙ্গে রয়েছেন ফুফা জাং সং থায়েক ও সেনা প্রধান রি ইয়ং হো।
তিনঘণ্টাব্যাপী এ শবযাত্রা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন দেখানো হয়েছে। এতে দেখা যায় কিমের কফিন লাল পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে।
উত্তর কোরিয়ার এ নেতার শেষকৃত্যে বিদেশি কোনো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি।
চলতি বছর ১৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং ইল। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
সেও জু রিম নামের এক নারী সৈনিক বলেন, “এ সাদা তুষারপাত আমাকে জেনারেলের (কিম) ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এবং তা আমার চোখে পানি আনছে।”
কিম জং ইল আবহাওয়াকেও নিয়ন্ত্রণ করতে পারতেন বলে উত্তর কোরিয়ায় একটি কথা প্রচলিত আছে। অস্বাভাবিকভাবে ঠাণ্ডা ও বৈরী আবহাওয়া কিমের মৃত্যুর সঙ্গী হয়েছে বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে।
আরেকটি ভিডিওতে ক্রন্দনরত বেসামরিকদের ‘বাবা’ ‘বাবা’ বলে বিলাপ করতেও দেখা গেছে।
বৃহস্পতিবার আবারও শবযাত্রা হবে বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৬১১ ঘ.
bdnews24