২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেট থেকে ধর্ম-বিদ্বেষ সরাতে বলেছে দিল্লির আদালত

বিশ্বের সবচেয়ে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ফেইসবুক এবং সার্চ ইঞ্জিন গুগলসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ওয়েবসাইট থেকে ধর্মীয় সহিংসতামূলক বিষয়বস্তু সরিয়ে নিতে বলেছে ভারতের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

নয়া দিল্লি, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফেইসবুক, গুগল, ইয়াহু ও টুইটারসহ কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ধর্মীয় আক্রমণাত্মক বিষয়বস্তু সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ভারতের আদালত। যুক্তরাষ্ট্রভিত্তিক মোট ১৯টি কোম্পানিকে আদালতে হাজির হতে শুক্রবার নির্দেশ দেয় নয়া দিল্লির একটি আদালত। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই বলেছে, ওই কোম্পানিগুলোর সাইটে পোস্ট করা বিভিন্ন ছবি আদালতকে দেখানো হলে, আদালত সেগুলোকে হিন্দু, মুসলিম ও খ্রিস্টানদের জন্য আক্রমণাত্মক বলে মন্তব্য করে। পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, “অভিযুক্তরা নিজেদের এবং অজ্ঞাত কিছু ব্যক্তির যোগসাজশে অশ্লীল বিষয়বস্তু বিক্রি, জনসমক্ষে প্রকাশ ও প্রচার করছে।” ১২০ কোটি জনসংখ্যার ভারত ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের পর বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ ইন্টারনেট ব্যবহারকারী দেশ। ধর্মীয় দিক দিয়ে সংবেদনশীল ভারতে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন্টারনেটে বিস্তৃত বিষয়বস্তুর ধরণ নিয়ে চিন্তিত সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সমাজের একটি অংশ। চলতি সপ্তাহের শুরুতে দিল্লির আর একটি আদালত ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারে এমন ছবি, ভিডিও ও লেখা সরিয়ে ফেলতে ওয়েবসাইটগুলোকে নির্দেশ দিয়েছিল। ইমেইলে রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে গুগলের এক মুখপাত্র বলেন, “আমরা বিশ্বাস করি একটি মুক্ত সমাজের ভিত্তি হলো অবাধ তথ্য প্রবাহ। অবৈধ কোনো বিষয়বস্তু অথবা আমাদের সেবাদানের কোনো নীতি লঙ্ঘিত হয়- এমন কোনো কিছু পেলে আমরা তা সরিয়ে ফেলব।” গুগলের ওই মুখপাত্র জানান, আদালতের নির্দেশ বিষয়ে তাদের এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে আদালত ও অন্যান্য কোম্পানির কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। চলতি মাসের শুরুর দিকে ভারতের টেলিযোগাযোগমন্ত্রী কপিল সিবাল ফেইসবুক, টুইটার, গুগলসহ অন্যান্য ইন্টারনেটভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইট থেকে আক্রমণাত্মক উপাদান সরিয়ে নেওয়ার আহ্বান জানান। এ নিয়ে ইন্টারনেটে সমালোচনার ঝড় ওঠে। আদালতে একজন সাংবাদিক ও একজন ইসলামী পন্ডিত পৃথকভাবে মামলা দুটি করেন। ওই পন্ডিত ফতোয়াঅনলাইন নামে একটি ওয়েবসাইট পরিচালনা করেন যাতে নীতি-নৈতিকতা বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/পিডি/২০০৭ ঘ.