উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল মারা গেছেন
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইল মারা গেছেন, যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং ঘরে-বাইরে নানামুখী প্রচারের কারণে এই একুশ শতকেও যিনি পরিণত হয়েছিলেন এক ‘রহস্যময় ও বিচ্ছিন্ন’ রাষ্ট্রনায়কে। ভিডিও
সিউল, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং ইল মারা গেছেন, যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং ঘরে-বাইরে নানামুখী প্রচারের কারণে এই একুশ শতকেও যিনি পরিণত হয়েছিলেন এক ‘রহস্যময় ও বিচ্ছিন্ন’ রাষ্ট্রনায়কে।
সোমবার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে জানানো হয়, গত শনিবার এক ট্রেন সফরের সময় মারা যান ইল। ৬৯ বছর বয়সী এই নেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
কালো পোশাক পরিহিত উপস্থাপক অশ্র“সজল চোখে জানায়, ‘দেশকে নেতৃত্ব দিতে’ মাত্রাতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ নেওয়ার কারণেই মৃত্যু হয়েছে কিম জং ইলের।
এর আগে ২০০৮ সালে একবার স্ট্রোক হয়েছিল এই সমাজতান্ত্রিক নেতার, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দৃষ্টিতে যিনি ছিলেন একজন স্বৈরশাসক।
১৯৯৪ সালে পিতার মৃত্যুর পর থেকে সমাজতান্ত্রিক ওই রাষ্ট্রটি শাসন করেন কিম জং ইল।
তার মৃত্যুর পর তৃতীয় ছেলে কিম জং উনকে ‘উত্তরাধিকারী’ বলে আখ্যায়িত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
২৮ ডিসেম্বর কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দেশটিতে ১৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
কিম জং-এর মৃত্যুর খবরে উত্তর কোরিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কিমের মৃত্যুর খবরে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারের দর ৫ শতাংশ নেমে গেছে। জাপানের মন্ত্রিসভা জরুরি বৈঠকে বসেছে।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানিয়েছে, তারা কিম জং ইলের মৃত্যুপরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্তৃপক্ষ কোরীয় উপত্যকার স্থিতিশীলতা ও তার মিত্রদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্র“তিবদ্ধ বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জেকে/০৯২৮ ঘ.
