২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ‘নগ্নপদ ডাকু’র সাজা

‘নগ্নপদ ডাকু’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের কল্টন হ্যারিস মুরকে সাত বছর কারাবাসের শাস্তি দিয়েছে আদালত। খালি পায়ে ডাকাতি করে বেড়ানোর কারণে বিশ্বব্যাপী তিনি ‘নগ্নপদ ডাকু’ নামে পরিচিতি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নগ্নপদ ডাকু’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের কল্টন হ্যারিস মুরকে সাত বছর কারাবাসের শাস্তি দিয়েছে আদালত। খালি পায়ে ডাকাতি করে বেড়ানোর কারণে বিশ্বব্যাপী তিনি ‘নগ্নপদ ডাকু’ নামে পরিচিতি পান। ২০ বছর বয়সী মুর দুই বছর ধরে একের পর অপরাধ করে পার পেয়ে যান। বিভিন্ন সময় তিনি চুরি করা গাড়ি, বোট বা প্লেন নিয়ে পুলিশের আওতার বাইরে চলে যেতে সমর্থ হন বলে বিবিসি জানায়। প্রায় প্রত্যেক অপরাধস্থলে তার নগ্ন পায়ের ছাপ খুঁজে পায় পুলিশ। এতে ধারণা হয় অপরাধ সংঘটনের সময় সে হয়তো খালি পায়ে থাকে। এভাবেই ‘নগ্নপদ ডাকু’ নামে পরিচিত হয়ে ওঠে এই রহস্যময় অপরাধী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি আদালতে তার অপরাধের বিচার হয়। বিচার চলাকালে আদালতকে সে তার ছোটবেলার ভয়াবহ করুণ অভিজ্ঞতা তুলে ধরে। সে বলে, তার ছোটবেলার মতো জীবন যেন তার পরম শত্র“রও না হয়। তার মদ্যপ মা ও তার বয়ফ্রেন্ডের কার্যকলাপ ছোট্ট মুরের জীবনকে দুর্বিষহ করে তোলে। আদালত তার পর্যবেক্ষণে জানায়, স্বপ্নহীন পরিবেশে দিনের পর দিন বসবাস করার কারণে মুরের মন অসাড় অনুভূতিশূন্য হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে মুরের অপরাধ জীবন শুরু হয়। এরপর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, অরিগন, আইডাহো, ইন্ডিয়ানা, নেব্রাস্কা রাজ্যসহ কানাডার কিছু এলাকজুড়ে তার অপরাধ কর্ম বি¯তৃত হয়। প্রায় ৬৫টি অপরাধের ঘটনায় গোয়েন্দারা তাকে অভিযুক্ত করে। তার বিরুদ্ধে গাড়ি চুরি, ব্যাংক ডাকাতি, পুলিশের ওপর হামলা, খালি বাসা থেকে খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক সামগ্রী ও ক্রেডিট কার্ড লুট করার অভিযোগ আনা হয়। বিমান চালনার লাইসেন্স না থাকার পরও মুর তিনটি বিমান চুরি করেন। বিমান নিয়ে তিনি পুরো যুক্তরাষ্ট্রে পালিয়ে বেড়ান। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছেড়ে বাহামায় গিয়ে তিনি ধরা পড়েন। সেখানে জুলাই, ২০১০ এ চুরি করা বিমানে গোলযোগ দেখা দিলে তিনি বিমান নিয়ে একটি ম্যানগ্রোভ বনে জরুরি অবতরণে বাধ্য হন। সেখান থেকে পুলিশের গুলিতে আহত অবস্থায় তাকে আটক করা হয়। ১৩ লাখ ডলারের বিনিময়ে নিজের জীবনের গল্প নিয়ে ছবি করার চুক্তি করতে তাকে অনুমতি দেওয়া হয়। এর মাধ্যমে তার জীবনের গল্প যেমন সবাই জানতে পারবে তেমনি ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণও সে দিতে পারবে, এই বিবেচনায় আদালত তাকে এ চুক্তি করার অনুমতি দেয়। মুরের করুণ অতীত বিবেচনা করে আদালত তাকে অপেক্ষাকৃত লঘু শাস্তি দিয়েছে। তার আইনজীবী জানিয়েছেন, মুর এতে কৃতজ্ঞাতা প্রকাশ করেছেন, সে আরো কঠিন শাস্তির অপেক্ষায় ছিলো। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত মুর জানান, তিনি বিভিন্ন ম্যানুয়াল পড়ে ও অনলাইন ভিডিও দেখে বিমান চালনা শিখেছেন। বিমান প্রকৌশলী হওয়ার জন্য কারাবাসের সময়টি পড়াশোনার কাজে লাগানোর পরিকল্পনা করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৮ ঘ.