২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনদাবির কাছে নতি স্বীকার করছেন না পুতিন

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ নাকচ করে ফের নির্বাচন দেওয়ার গণদাবির কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

মস্কো, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ নাকচ করে ফের নির্বাচন দেওয়ার গণদাবির কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন। টেলিভিশনে জাতির উদ্দেশে সরাসরি স¤প্রচারিত অনুষ্ঠানের প্রশ্নত্তোর পর্বে পুতিন দেশে তার ১২ বছরের শাসনামলে সবচেয়ে বড় গণবিক্ষোভকে ততটা গুরুত্ব দেননি। বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, পার্লামেন্ট নির্বাচনে জালিয়াতির বিরুদ্ধে বিক্ষোভ আইনানুগ হলে তা মেনে নেওয়া যায়। “মানুষ তার মত প্রকাশ করবে এটা স্বাভাবিক ব্যাপার। আদ্দিকাল থেকেই তা চলে আসছে। তবে তা অবশ্যই আইনসম্মত হওয়া চাই। প্রত্যেককেই আইনি কাঠামোর মধ্যেই যা করার করতে হবে,” বলেন পুতিন। নির্বাচনে জালিয়াতির কারণে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি জয়লাভ করেছে- বিরোধী শিবিরের এ অভিযোগ পুতিন অস্বীকার করেছেন। তিনি বলেন, “ আমার দৃষ্টিকোণ থেকে, নির্বাচনে (৪ ডিসেম্বর) নিঃসন্দেহে জনমতের বহিঃপ্রকাশ ঘটেছে। ইউনাইটেড রাশিয়া পার্টি কিছু ভোট কম পেয়েছে। এক্ষেত্রে অস্বাভাবিক কিছুই ঘটেনি।” “এতে বরং বিরোধী শিবিরের জন্য অসন্তুষ্ট ভোটারদের দলে ভেড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। আর ভোট কম পেয়েও ক্ষমতাসীন দল যে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে সেটা আদতেই ভালো ব্যাপার।” ৪ ডিসেম্বর নির্বাচনের পরপরই পুতিনের শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ করে জনতা। তারা নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানায়। ২৪ ডিসেম্বর আবারো বিক্ষোভে নামার পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। কিন্তু তারপরও তাদের কোনো দাবির কাছেই মাথা নত করার আভাস দেননি পুতিন। আগামী মার্চের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন, ওই সময় ভোটকেন্দ্রগুলোতে ওয়েব ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৫ঘ.