২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য ইইউ’র গুরুত্বপূর্ণ অংশীদার: ম্যার্কেল

ইউরোজোন বাঁচানোর নতুন চুক্তিতে ভেটো দেওয়ার পরও যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গুরুত্বপূর্ণ অংশীদার এবং এ বন্ধন সুদৃঢ় থাকবে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইউরোজোন বাঁচানোর নতুন চুক্তিতে ভেটো দেওয়ার পরও যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গুরুত্বপূর্ণ অংশীদার এবং এ বন্ধন সুদৃঢ় থাকবে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল একথা বলেছেন। জার্মানির পার্লামেন্টে এমপি’দের সামনে ভাষণে তিনি বলেন, “নতুন অর্থনৈতিক নীতিমালায় আমাদের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের জোটবদ্ধ হতে না পারাটা খুবই দুঃখজনক।” “কিন্তু তারপরও ব্রিটেন যে ইইউ’র অত্যন্ত বিশ্বস্ত মিত্র দেশ হয়েই থাকবে তাতে কোনো সন্দেহ নেই”, বলেন ম্যার্কেল। ডেভিড ক্যামেরন গত শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সম্মেলনে প্রস্তাবিত নতুন চুক্তিতে ভেটো দেন। ইউরো সংকট সমাধান ও এর পুনরাবৃত্তি ঠেকাতেই আয়োজন করা হয়েছিলো এ সম্মেলন । ইউরোজোনকে বাঁচাতে সম্মেলনে কঠোর বাজেট নীতি মেনে নতুন চুক্তির প্রস্তাব করা হলে কেবলমাত্র ব্রিটেন ছাড়া এতে রাজি হয় ইইউ’র ২৬টি দেশ। ব্রিটেন এ পদক্ষেপ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ছিটকে পড়ার ঝুঁকি নিয়েছে বলে দেশটির উপ-প্রধানমন্ত্রী নিক ক্লেগ সতর্ক করার পর বিষয়টি নিয়ে পার্লামেন্টে জেরার মুখে পড়েন ক্যামেরন। চুক্তিটি দেশের স্বার্থপরিপন্থী হওয়ায় এতে ভেটো দিয়েছেন বলে পার্লামেন্টকে জানান তিনি। ওদিকে, ইইউ দেশগুলো নতুন চুক্তিতে একমত হলেও তা ইউরোজোনে তেমন কোনো সাফল্য বয়ে আনেনি। ইউরোজেনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ১১ মাসের মধ্যে ইউরোর মূল্য ১ দশমিক ৩০ ডলার এবং ০ দশমিক ৪৮ পাউন্ডের নীচে চলে গেছে। এ পরিস্থিতিতেই ম্যার্কেল বুধবার পার্লামেন্টে ওই বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০০ঘ.