২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সুরক্ষিত রাখবে ইরান

ইরান প্রয়োজনবোধে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র কোনো সুরক্ষিত নিরাপদ স্থানে সরিয়ে নেবে। ইরানের রেভল্যুশনারি গার্ডের এক শীর্ষ কমান্ডারের উদ্ধৃতি দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের বুধবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

তেহরান, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরান প্রয়োজনবোধে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র কোনো সুরক্ষিত নিরাপদ স্থানে সরিয়ে নেবে। ইরানের রেভল্যুশনারি গার্ডের এক শীর্ষ কমান্ডারের উদ্ধৃতি দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের বুধবার একথা জানায়। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে পশ্চিমা বিশ্ব দেশটির ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরানের পরমাণু কর্মসূচি কূটনৈতিক প্রচেষ্টায় বন্ধ করা না গেলে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জালালির উদ্ধৃতি দিয়ে মেহর জানায়, “পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন মনে করলে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নিরাপদ স্থানে সরিয়ে নেবো।” ইরান পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্খা থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা বিশ্বের সন্দেহ। ওদিকে, পশ্চিমা বিশ্বের এ অভিযোগ অস্বীকার করে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি করে আসছে ইরান। মধ্যপ্রাচ্যের পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ইসরায়েল জানিয়েছে, ইরান পরমাণু অস্ত্রের মালিক হলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। চলতি বছর নভেম্বরে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সাল থেকে ইরান পরমাণু বোমা তৈরির প্রযুক্তি আহরণ করছে। তাছাড়া তারা ইউরেনিয়ামকে ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করছে এবং এ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম শান্তিপূর্ণ পরমাণু শক্তির জন্য প্রয়োজনাধিক বলে পশ্চিমা বিশ্ব দাবি করেছে। যদিও পরমাণু বোমা তৈরির জন্য আরো বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৭ঘ.