২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরো মার্কিন বিনিয়োগের আহ্বান মালিকির

যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা হিসেবে ইরাকে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 07:53 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা হিসেবে ইরাকে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরকালে তিনি এ আহ্বান জানান বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। এ সময় মালিকি আরো জানান, ইরাকের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হচ্ছে। মালিকির সফরসঙ্গী হিসেবে প্রায় ৪০ জন ইরাকি ব্যবসায়ী নেতা সফরে আরো ব্যবসা ও বাণিজ্য চুক্তির প্রত্যাশা করছেন। বর্তমানে ইরাকের মোট বিদেশি বিনিয়োগের এক দশমাংশেরও বেশি মার্কিন বিনিয়োগ। চলতি বছর ইরাকে ৭০ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে। মালিকি বলেন, “ইরাকের সবক্ষেত্র মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত।” ওদিকে সোমবার মালিকির সঙ্গে বৈঠক শেষে ইরাকি অর্থনীতি ভারত অথবা চীনের চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাবে বলে ধারণা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেইসঙ্গে ভবিষ্যতে ইরাকের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকার কথাও জানান তিনি। ইরাকে কোনো মার্কিন সেনা বা ঘাঁটি থাকবে না বলেও তিনি নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৫ ঘ.