২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি চীনের

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে আমদানি বাড়ানোর প্রতিশ্র“তি দিয়েছেন। বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) দেশটির যোগ দেওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:56 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) দেশটির যোগ দেওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগামী পাঁচ বছরের মধ্যে চীনের আমদানি ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলে জিনতাওয়ের বরাত দিয়ে সোমবার বিবিসি জানায়। গত বছর চীন মাত্র ১ দশমিক ৩৯ ট্রিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল। দেশটির শুল্ক বিভাগের তথ্যে দেখা যাচ্ছে, নভেম্বরে দেশটির রপ্তানি খাত ১৪ শতাংশ বেড়েছে। এ সময়ে আমদানি বেড়েছে ২২ শতাংশ। অক্টোবরে ইউরোপের সাথে চীনের বাণিজ্য বৃদ্ধির গতি কিছুটা কমেছে বা সমন্বয় করা হয়েছে। ইউরোপ হচ্ছে চীনের সর্ববৃহৎ ব্যবসায়িক অংশীদার। ইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক বিপর্যয়ের কারণে চীনের ওপরও প্রভাব পড়েছে। বিশ্বের দ্বিতীয় অর্থনীতির এই দেশটি আভ্যন্তরীণ ব্যয় সংকোচনে বাধ্য হয়েছে। হু জিনতাও রোববার বলেন, বেইজিং তার বাণিজ্যনীতিতে সমতা আনার ব্যাপারে গভীর মনোযোগ দিচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর জন্যও সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, “আমদানি বাড়ানোর সিদ্ধান্ত আমরা এই দৃষ্টিভঙ্গি থেকে নিচ্ছি, তাতে করে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ঘটবে।” বিশ্বে বাণিজ্যের একটি সুষম ভারসাম্য রক্ষার লক্ষ্যে আমরা কাজ করবো। ইচ্ছাকৃতভাবে আমরা কোনো বাণিজ্য ঘাটতি সৃষ্টি করবো না, বলেন জিনতাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫০ ঘ.