ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো নাটক বা উপন্যাসের নায়ক-নায়িকা নয়, চীনের সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি হিসেবে স্বীকৃতি পেয়েছে একটি মেষ ও এক হরিণী।
মেষ-হরিণীর অনন্য প্রেমের গল্পে উদ্বুদ্ধ হয়ে ওই জুটিকে একসঙ্গে থাকতে দেওয়ার আবেদন জানিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে প্রায় ভাসিয়ে দিয়েছে চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা।
শনিবার পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের একটি চিড়িয়াখানায় থাকা একটি মেষ ও একটি হরিণীকে আলাদা রাখার সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে স্থানীয় টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে জানানো হয়।
এ প্রতিবেদন প্রচারের পর বৃহস্পতিবারের মধ্যে চীনের ‘টুইটার’ হিসেবে পরিচিত ‘ওয়েইবো’তে এ বিষয়ে ১ হাজার ৭শ’টিরও বেশি মন্তব্য প্রকাশ করা হয়। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা এই প্রথম।
চিড়িয়াখানাটির কর্মীরা জানান, ৫০ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর দেশটিতে এ জুটির প্রেমকাহিনী ছড়িয়ে পড়ার পর এদের ব্যাপারে মন্তব্য আহ্বান করে কর্তৃপক্ষ।
মেষ ও হরিণীটির নাম একসঙ্গে ’চ্যাংমাও’। চীনা ভাষায় এর অর্থ লম্বা চুল।
ইন্টারনেটে কিয়ান জিয়ান নামে একজন মন্তব্য করেছেন, ভিডিওটি দেখতে দেখতে আমি কেঁদেছি। এটিই সত্যিকারের ভালোবাসা। তারা সব বাধা অতিক্রম করে অবশেষে একত্র হয়েছে।
টিম টিনা নামের আরেকজন বলেন, অবিচ্ছেদ্য এ জুটির গল্প আমাকে আবার প্রকৃত ভালোবাসায় বিশ্বাস করতে শিখিয়েছে।
তবে বেইবেই নামে একজন মন্তব্য করেন, একটি মেষ ও একটি হরিণীর মধ্যে ভালোবাসার ঘটনা অসাধারণ। তবে তাদের সন্তানগুলো সম্ভবত অদ্ভুত ধরনের হবে। এদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করার জন্য সবাইকে অনুরোধ করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১৯ ঘ.
bdnews24