ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতার এএমআরআই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিদগ্ধ বাবার মৃত্যু দেখেছেন রাজা গাঙ্গুলি। চোখের সামনে বাবার মৃত্যুর সে মর্মস্পর্শী ঘটনা তুলে ধরেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়াকে রাজা বলেন, অনেকগুলো প্রত্যঙ্গ অকেজো হওয়ায় বাবা এখানে আইসিইউতে ভর্তি ছিলেন। তিনি গুরুতর অবস্থায় ছিলেন বলে আইসিইউতে রাখা হয়েছিলো।
রাতে হাসপাতালে থাকতে বলা হয়েছিলো রাজাকে, তাই ছিলেনও তিনি।
“রাত সাড়ে ৩টার দিকে প্রথম যারা বেসমেন্টে ধোঁয়ার বিষয়টি বুঝতে পেরেছিলো আমি ছিলাম তাদের মধ্যে একজন এবং চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তাদের এ বিষয়ে সতর্ক করতে দ্রুত আইসিইউতে ছুটে গিয়েছিলাম যে, আগুন লেগেছে এবং রোগীদের সরিয়ে নেওয়া প্রয়োজন,” বলেন রাজা।
রাজার দাবি, তারা কথায় কেউ কান দেয়নি।
“তারা বলেছিলো, আইসিইউ সম্পূর্ণ নিরাপদ হওয়ায় এ ধরনের ক্ষুদ্র অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে কোনো প্রভাব পড়বে না।”
“বাবার দিকে শেষবার তাকানো ছাড়া আমার কিছু করার ছিলো না এবং শান্তভাবে নিচ তলায় রাতে রোগীদের স্বজনদের থাকার জায়গায় নেমে যাই।”
তবে অল্প কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সব জায়গায় ধোঁয়া ছড়িয়ে পড়ে বলে জানান রাজা।
“তখন আমি অনুভব করলাম যে, সব কিছু হারিয়ে ফেলেছি। চারদিকে হৈ চৈ, আর্তনাদ হচ্ছিলো এবং এতো বেশি ধোঁয়া আসছিলো যে আমরা কিছু দেখতে পারছিলাম না। আমরা বাইরে বেরিয়ে আসি। আমার মনে পড়ে, আমি শুধু নম্বর টিপছিলাম এবং চিৎকার করে সাহায্য চাইছিলাম,” বলেন তিনি।
আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনী পৌঁছায়। তখন সবাইকে বের করতেই ছিলো তাদের তৎপরতা।
রাজা বলেন, প্রায় ছয় ঘণ্টা পর যখন নিহতদের নাম পড়া হচ্ছিলো তখন তার বাবার নাম সেখানে ছিলো না। অন্য হাসপাতালে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের নামের তালিকায়ও বাবার নাম পাননি তিনি।
“যাদের নিচে নামিয়ে আনা হচ্ছিলো তাদের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বাবাকে খুঁজছিলাম। দমকলকর্মীদের সঙ্গে আইসিইউতে গেলাম। সেখানে অন্য এক রোগীর সঙ্গে তার মৃতদেহ পড়েছিলো,” বলেন রাজা।
এখন আমি বাবার মৃতদেহের ময়না তদন্তের জন্য অপেক্ষা করছি, বিকালে এ কথা বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০১০০ ঘ.
bdnews24