২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানে ন্যাটোর হামলা পূর্বপরিকল্পিত’

ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ পাকিস্তানি সেনা হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ইসলামাবাদ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ পাকিস্তানি সেনা হত্যার ঘটনা পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। শুক্রবার পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে সামরিক বাহিনীর সামরিক অভিযান শাখার মহাপরিচালক মেজর জেনারেল আশফাক নাদিমের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সিনেট কমিটিতে নিজের বক্তব্যে আশফাক এসব কথা বলেন বলে প্রতিবেদনে জানানো হয়। আশফাক আরো বলেন, এ ধরনের হামলা প্রতিরোধ করতে পাকিস্তানের সীমান্ত এলাকাগুলোর আকাশে নিরাপত্তা আরো বাড়ানো হবে। দি এক্সপ্রেস ট্রিবিউনে আশফাক নাদিমের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আমাদের মিত্র এ দেশটির কাছ থেকে আরো হামলার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র দেশগুলোর একটি হলো পাকিস্তান। আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি সেনা চৌকিতে গত ২৬ নভেম্বর হামলার এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কর্তৃপক্ষ আগেও বিভিন্ন বক্তব্য দেয়। পাকিস্তান বলে আসছে, বিনা উস্কানিতে এ হামলা চালানো হয়। তবে এ দাবি নাকচ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় চলমান তদন্তে কিছু প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, সেনা সদস্যদের উপস্থিতি সম্পর্কে না জেনেই সীমান্তের সমন্বয় কেন্দ্র থেকে পাকিস্তানি কর্মকর্তারা এ বিমান হামলা চালানোর অনুমতি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৯ ঘ.