২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহাণুপুঞ্জের ঝুঁকিতে পৃথিবী

পৃথিবীর কাছের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে বড় ধরনের প্রায় হাজারখানেক গ্রহাণু। যেগুলো পৃথিবীতে আছড়ে পড়লে ঘটে যেতে পারে মারাত্মক বিপর্যয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

সান ফ্রানিসকো, ০৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথিবীর কাছের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে বড় ধরনের প্রায় হাজারখানেক গ্রহাণু। যেগুলো পৃথিবীতে আছড়ে পড়লে ঘটে যেতে পারে মারাত্মক বিপর্যয়। গবেষণা চালিয়ে ঝুঁকিপূর্ণ এসব গ্রহাণুর সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। যেগুলো প্রায় ১ কিলোমিটার ব্যাসার্ধ বা তার চেয়েও বড় আকৃতির। পৃথিবীর কাছে বড় আকারের এসব গহাণু ছাড়াও প্রায় ২০ হাজার ৫শ ছোট ছোট গ্রহাণুর সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। এগুলোর আঘাতে পৃথিবীর প্রাণীকূল বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন তারা। “গবেষণা এখন শেষ হয়েছে” জানিয়ে নাসার জ্যোতির্বিজ্ঞানী অ্যামি মেইনজার মঙ্গলবার সানফ্রান্সিকোয় ‘আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে’ এ তথ্য তুলে ধরেন। গবেষণায় পৃথিবীর কাছে ৯৩ শতাংশ বস্তু নিরীক্ষণ করা হয়েছে বলে জানান তিনি। এর আগের গবেষণাগুলোতেও প্রায় ১শ মিটার (১১০ ইয়ার্ড) আকৃতির মোট ৩৬ হাজার থেকে ১ লাখ এ ধরনের বস্তুর সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা। সেগুলোর এখনো পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। এর প্রভাব রাতারাতি বোঝা না গেলেও পৃথিবী গ্রহাণুখন্ডের বড় ধরনের আঘাতের শিকার হতে পারে বলেই জানিয়েছেন মেইনজার। যেমনটি ঘটেছিলো ৬ কোটি ৫০ লাখ বছর আগে। সে সময় ৫ থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের কোনো গ্রহাণুখন্ড বা ধূমকেতু আছড়ে পড়েই পৃথিবীতে জলবায়ু পরিবর্তন ঘটে ডাইনোসরসহ অনেক জীব-জন্তু বিলুপ্ত হয়েছে বলে ধারণা করা হয়। ঠিক তেমনি বড় আকৃতির কোন গ্রহাণুর আঘাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পৃথিবীর প্রায় সব প্রাণী। পৃথিবীর কাছে থাকা ঝুঁকিপূর্ণ বস্তুগুলোর ওপর তাই চলছে বিজ্ঞানীদের সার্বক্ষণিক নজরদারি। কিন্তু পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষ ঘটার মুহূর্তটি আগেই টের পাওয়া গেলে কি করা যেতে পারে সে সম্পর্কে এখনো কিছু ভেবে উঠতে পারেননি বিজ্ঞানীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫৩ঘ.