ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে চায় পাকিস্তান এবং এর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বলে জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
সোমবার এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে এনডিটিভি জানায়।
প্রধানমন্ত্রী গিলানি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে পাকিস্তান যেন অধিক লাভবান হয় সে বিষয়টির ওপর জোর দিচ্ছেন। তিনি জঙ্গি নেতাদের সাথে সমঝোতার জন্য আফগানিস্তানের সাথে কাজ করবে বলেও জানান। সেই সাথে আফগানিস্তান থেকে মার্কিন সেনা বাহিনীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারেও পাকিস্তান সহযোগিতা করবে বলে তিনি নিশ্চিত করেন।
গিলানির এই ঘোষণা আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে জার্মানির বনে জমায়েত হওয়া বিশ্ব নেতাদের আশ্বস্ত করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২৬ নভেম্বর আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে মারাত্মক অবণতি হয়। এবং এর পরিপ্রেক্ষিতে বন সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত থাকে পাকিস্তান।
সেই সাথে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটোর সেনা বাহিনীর রসদ সরবরাহ বন্ধ করে দেয় পাকিস্তান। এমন কি দেশটির শামসি বিমান ঘাঁটি খালি করতে যুক্তরাষ্ট্র কে ১৫ দিনের সময় বেধে দেয়া হয়। এই বিমানঘাঁটি ব্যবহার করে আফগান সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধ যুক্তরাষ্ট্র চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালিয়ে থাকে।
গিলানি বলেন, “আমরা আশাবাদী এবং আমরা সত্যিই যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সুসম্পর্ক গড়তে চাই।”
এরআগে ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ন্যাটো বাহিনী ফের হামলা চালালে সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালানোর জন্য পাকিস্তানি সেনাদের অনুমতি দেন দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি।
গত ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে আল- কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়া নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন দেখা দেয় তা এখনো চলছে। তার মধ্যেই ন্যাটোর হামলায় সেনা সদস্য নিহত হওয়ায় ফুঁসে ওঠে পাকিস্তানিরা। তখন থেকে দেশের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোবিরোধী বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নিজেদের অংশগ্রহণও পুনর্বিবেচনার ঘোষণা দেয় পাকিস্তান সরকার।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ওয়াশিংটনের সঙ্গে গাটছড়া বাঁধে ইসলামাবাদ। তখন থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল অঙ্কের সামরিক সহায়তা পাচ্ছে দেশটি। কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধেই আফগানিস্তানে সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ উঠেছে নানা মহল থেকে। এ নিয়ে দুদেশের সম্পর্কে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি।
দুই দেশের সম্পর্কের এই অবণতি ঠেকাতে পাকিস্তান সীমান্তে ন্যাটো হমলার জন্য নতুন করে গভীর সমবেদনা জানাতে পাক-প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
এমন কি ব্যক্তিগতভাবে গভীর সমবেদনা জানাতে পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় পাকিস্তানি সেনাদের নিহত হওয়ার ঘটনাকে “দুঃখজনক” বলে বর্ণনা করে ঘটনাটি “দুর্ঘটনাজনিত” বলে পাকিস্তানি প্রেসিডেন্টকে জানান ওবামা।
পাকিস্তানকে ছাড়া আফগানিস্তানের ভবিষ্যৎ প্রশ্নের কোন সুরাহা হওয়া সম্ভব নয়। তাই ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর ওই এলাকায় প্রভাব বজায় রাখতে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন।
এখন দেখার বিষয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানির এই ঘোষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কোন দিকে মোড় নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৫ ঘ.
bdnews24