২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি বন সম্মেলনে

জার্মানির বন সম্মেলনে আফগানিস্তানের ভবিষ্যৎ গড়ায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

বন, ০৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জার্মানির বন সম্মেলনে আফগানিস্তানের ভবিষ্যৎ গড়ায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো। মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, “যুক্তরাষ্ট্র বন্ধুরাষ্ট্র আফগানিস্তানের উন্নয়নে পাশে থাকবে।” ‘আফগানিস্তান আবারো সন্ত্রাসের উৎসভূমি এবং অস্থিতিশীলতার নিযামক হয়ে উঠলে আন্তর্জাতিক সম্প্রদায়কেই এর ক্ষতি পোহাতে হবে’, বলেন তিনি। তবে হিলারি এও বলেন, বন্ধুদেশের অব্যাহত সহায়তার বিনিময়ে আফগানিস্তানকেও তাদের প্রতিশ্রুতি পূরণ করে দেখাতে হবে। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নিজেদের সুরক্ষাব্যবস্থা নিজেদেরই করতে এবং আইনের শাসনের ভিত্তিতে সবাইকে নিয়ে গণতন্ত্র সুসংহত করতে হবে। ওদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে সম্মেলনে বলেন, “আমরা আফগানিস্তানের জনগণকে স্পষ্ট জানাতে চাই: আমরা তোমাদের নিজেদের হাতে ছেড়ে দেবো না। আমরা তোমাদের কন্টকাকীর্ণ পথে ফেলে চলে যাবো না।” বন সম্মেলনে যোগ দিতে আসা পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা ঐতিহাসিক ভুলের পুনারাবৃত্তি হতে দিতে পারি না। ২০১৪ সালেই আফগানিস্তানে আমাদের উপস্থিতি শেষ নয়। এরপর আমরা আফগানিস্তানকে ভুলে যাব না। আফগানিস্তানে আমাদের অংশগ্রহণ থাকবে।” পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য সোমাবার জার্মানির বন শহরে আন্তর্জাতিক এ সম্মেলন শুরু হয়েছে। এতে গুরুত্ব পাচ্ছে আফগানিস্তান পুনর্গঠনে তিনটি বিষয়। প্রথমত, আফগানিস্তানের সেনাদের হাতে দেশের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর; দ্বিতীয়ত, অভ্যন্তরীণ কলহ দূর করা এবং তৃতীয়ত, ২০১৪ সালের পর আফগানিস্তানকে আর্থিক ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখা। সম্মেলনে ১ হাজার প্রতিনিধির মধ্যে ৬০ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অংশ নিচ্ছে ১শ’ টি দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু পাকিস্তানের সম্মেলন বর্জন, ইরানের সঙ্গে পশ্চিমাদের টানাপোড়েন এবং সর্বপোরি ইউরোপের টালমাটাল অর্থনৈতিক অবস্থার কারণে সম্মেলন সফল হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২০১৪ সালে বিদেশি সেনা প্রত্যাহারের পর দেশের জন্য আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন। প্রথম বন সম্মেলনের ১০ বছর পর নতুন করে এ সম্মেলন হচ্ছে। এ সময়ের মধ্যে আফগানিস্তান পরিস্থিতির যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেছেন কারজাই। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন এই অগ্রগতি নিরপত্তার জন্য যথেষ্ট নয়। বন সম্মেলন ভবিষ্যতে আফগানিস্তানের ভিত্তি আরো মজবুত করার সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন কারজাই। আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর দেশটির ভবিষ্যৎ কেমন হবে পশ্চিমা দেশগুলো এই সম্মেলন থেকেই তার রূপরেখা তৈরি করতে চায়। তারা চায় তাদের বাহিনী প্রত্যাহারের পরও আফগানিস্তানে একটি শক্তিশালী পশ্চিমা পন্থী সরকার থাকুক যারা বিরোধীপক্ষকে মোকাবেলা করতে পারবে। এর আগে অধিকৃত আফগানিস্তান ছেড়ে সোভিয়েত বাহিনী চলে যাওয়ার চার বছরের মধ্যে গৃহযুদ্ধে সোভিয়েত সমর্থিত সরকারের পতন ঘটে। পরবর্তিতে আফগানিস্তান কট্টরপন্থি তালেবানদের হাতে চলে যায়। তারা সোভিয়েত সমর্থিত প্রেসিডেন্টকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। আফগানিস্তানের বর্তমান কারজাই সরকারের এ ধরনের বিপর্যকর ভবিষ্যৎ এড়াতে চায় পশ্চিমারা। ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা এবং তারপর তালেবান সরকারকে ক্ষমতা থেকে হটানোর পর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে প্রথম বন সম্মেলনের ১০ বছর পার হয়েছে। কিন্তু আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ একটুও কমেনি, বিশেষ করে নিজ নাগরিকদের নিরাপত্তা রক্ষায় আফগান সরকারের সামর্থ্যরে প্রশ্নে। পশ্চিমা বাহিনী চলে যাওয়ার পর আফগান পুলিশ ও সেনাবাহিনীর তহবিল যোগানের প্রশ্ন আছে, সেখানে কে কিভাবে অংশগ্রহণ করবে তা ঠিক করতে হবে। যা টালমাটাল অর্থনেতিক অবস্থার মধ্যে থাকা ইউরোপীয় দেশগুলোর জন্য কঠিন হবে। আফগানিস্তানের অভ্যন্তীরণ বিষয়ে সবচেয়ে প্রভাববিস্তারকারী প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সাংঘর্ষিক সম্পর্কও আফগাস্তিনের ভবিষ্যতকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। আর আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সবচেয়ে প্রভাবশালী প্রতিবেশী পাকিস্তানকে ছাড়া আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ প্রায় অসম্ভব। কিন্তু সীমান্তে ন্যাটো হামলায় ২৪ সেনা নিহত হওয়ার প্রতিবাদে সম্মেলনটি বর্জন করছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/২০২৮ঘ.