ত্রিপোলি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যাকে গ্রেপ্তার করে নিজের পতন ডেকে আনেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়া বিপ্ল¬বের ‘স্ফূলিঙ্গ’ সেই ফেথি তারবেল এখন দেশটির মন্ত্রী। লিবিয়ার নতুন মন্ত্রিসভায় তাকে যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার কোরান ছুঁয়ে শপথ নেওয়ার পর কেঁদে ফেলেন নতুন মন্ত্রী তারবেল। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, মন্ত্রীর দায়িত্ব নিতে তিনি অস্বস্তি বোধ করছিলেন।
নভেম্বরে লিবিয়ার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হলেও তখন শপথ নেননি তারবেলসহ বেশ কয়েকজন মন্ত্রী।
আগামী সাতমাস লিবিয়ার সরকার পরিচালনা করবে নতুন এই মন্ত্রিসভা। এই সময়ের মধ্যে দেশে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন তারা। তারপর নির্বাচনে বিজয়ীদের কাছে দেশের শাসনভার হস্তান্তর করে তারা সরে যাবেন।
লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী আল কিব তারবেলকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিলে প্রথম অবস্থায় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অর্ন্তর্বতী পরিষদের (এনটিসি) সদস্যরা মন্ত্রীর পদ গ্রহণ করতে পারবে না এমন একটি শর্তের কারণেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানান তারবেল।
তবে পরে আল কিব মন্ত্রিসভার সদস্য হিসেবে তার নাম ঘোষণা করলে তিনি তিন দিন সময় চেয়ে নিয়ে পরে সম্মতি জানান।
৩৯ বছর বয়সী ফেথি তারবেল একজন আইনজীবী ও একজন মানবাধিকার কর্মী। তিনি গত ফেব্র“য়ারিতে আবু সালিম কারাগারে নিহতদের পরিবারগুলোকে নিয়ে বেনগাজিতে একটি ছবি প্রদর্শনীর আয়োজন করেন। এ কারণে তাকে গ্রেপ্তার করে গাদ্দাফি সরকার।
১৯৯৬ সালে লিবিয়ার আবু সালিম কারাগারের নির্বিচার গণহত্যা চালায় তৎকালীন গাদ্দাফি সরকার। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পরিসংখ্যান অনুযায়ী ওই ঘটনায় ১ হাজার ২৭০ জন বন্দি নিহত হয়। কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে গাদ্দাফি সরকার ওই ঘটনা ধামাচাপা দেয়।
কিন্তু তারবেলের গ্রেপ্তারে ফুঁসে ওঠে আবু সালিমের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারে সদস্যরা। তারা ফেব্র“য়ারির ১৫ ও ১৬ তারিখে বেনগাজিতে সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। তাদের ছত্রভঙ্গ করতে কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ।
এর প্রতিক্রিয়ায় ১৭ ফেব্র“য়ারি থেকে লিবিয়ায় গাদ্দাফির শাসনবিরোধী বিপ্ল¬ব ছড়িয়ে পড়ে। আটমাস গৃহযুদ্ধ চলার পর ক্ষমতাচ্যুত হন গাদ্দাফি ও পরে নিহত হন।
গত ২৫ সেপ্টেম্বর এনটিসি জানায়, আবু সালিম কারাগারের বাইরে একটি গণকবর আবিষ্কার করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৩ ঘ.
bdnews24