তেহরান, ০৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা দেশগুলো ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম দ্বিগুণেরও বেশি হয়ে যাবে বলে সতর্ক করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত রোববার দৈনিক শার্ক পত্রিকাকে বলেন, “পশ্চিমা দেশগুলো সত্যি সত্যি এমন অবরোধ আরোপের কথা ভাবনা-চিন্তা করামাত্র তেলে দাম ব্যারেল প্রতি ২৫০ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।”
ইরান বিশ্বের পঞ্চম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ।
আন্তর্জাতিক আণবিক সংস্থা নভেম্বরে এক প্রতিবেদনে জানায়, তেহরান পারমাণবিক বোমা তৈরির জন্য কাজ করছে বলে তাদের কাছে প্রমাণ আছে।
এর পরপরই পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা চালাচ্ছে।
তবে ইরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত।
কিন্তু পশ্চিমা দেশ বিশেষত ব্রিটেন এরই মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যে বিদেশি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো লেনদেন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। ইরানের কেন্দ্রীয় ব্যাংকই রপ্তানকৃত তেল থেকে প্রাপ্ত রাজস্ব আদায়ের মাধ্যম।
ইউরোপীয়ান ইউনিয়নও ইরান থেকে তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। তবে এর ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
সে কারণে তেলের বিরুদ্ধে কোনো শেষপর্যন্ত কোনো সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও মেহমানপারাস্ত বলেন, “তেল এবং গ্যাসের ওপর কেউ অবরোধ আরোপ করতে চাইলে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার আগে এর পরিণতি সম্পর্কে পুরোপুরি ভেবে দেখতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১২ঘ.
bdnews24