তেহরান, ০৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের সঙ্গে সঙ্কটে পশ্চিমা দেশগুলোকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইরান।
তেহরানের ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তার আর না বাড়ানোর জন্য পশ্চিমাদের আহ্বান জানিয়ে ইরান বলেছে, এ বিষয়টি কেবল লন্ডন আর তেহরানের নিজস্ব ব্যাপার।
ইরানের গণমাধ্যম শনিবার এ খবর প্রকাশ করেছে।
ক্ষুব্ধ ইরানি যুবকরা গত মঙ্গলবার তেহরানের ব্রিটিশ দূতাবাসে হামলা চালানোর পর ওই দূতাবাস থেকে সব কর্মচারী সরিয়ে নেওয়ার পাশাপাশি লন্ডনের ইরানি দূতাবাস থেকেও সব কূটনীতিককে বহিস্কার করেছে ব্রিটেন।
এ ঘটনার জেরে ফ্রান্স, জার্মানি, ইতালি ও নেদারল্যান্ডসও ইরান থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে। এতে করে ব্রিটেনের সঙ্গে ইরানের সংকট ছড়িয়ে পড়ছে ইউরোপ জুড়ে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্তের উদ্ধৃতি দিয়ে ইরানের আধা-সরকারি ‘ফারস’ বার্তা সংস্থা বলেছে, “আমাদের দুই দেশের সমস্যায় ব্রিটিশ সরকার ইউরোপের অন্যান্য দেশকে টেনে আনার চেষ্টা করছে।”
তিনি আরো বলেন, “আমরা ইউরোপীয় দেশগুলোকে বলেছি, ইরান ও ব্রিটেনের সঙ্কটে তারা যেন আমাদের সঙ্গে তাদের সম্পর্ককে জড়িয়ে না ফেলে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৫ঘ.
bdnews24