তালাত কামাল
ডারবান থেকে
ডারবান, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনকে শিল্পোন্নত দেশগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছে না অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা।
ডারবানে শুরু হওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে (কনফারেন্স অব দি পার্টিস- কোপ ১৭) শুক্রবার তারা এ উদ্বেগ জানান।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই অভিযোগের তীর ছোড়ে তারা। দৃশ্যত, জলবায়ু পরিবর্তন মোকাবেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে ভূমিকা নিতে গড়িমসি করছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী ইউরোপ ও আফ্রিকান ব্লকের প্রধান যুক্তরাষ্ট্রের এ অবস্থানের সমালোচনা করেন।
সম্মেলনে মালির প্রতিনিদি সেইনি নাফো বলেন, “মোটের ওপর উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনকে একটি বৈশ্বিক ইস্যু হিসেবে গুরুত্বের সঙ্গে দেখছে না।”
গণতন্ত্র, মানবাধিকার ও বাজারে প্রবেশাধিকারের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রেও আমরা একই ধরনের নেতৃত্ব চাই।”
ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী আর্থার রুঞ্জ- মেতজারও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অবশ্য তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতিনিধি তার দেশের অভ্যন্তরীণ কারণে এটা করতে পারেন। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়টি বর্তমানে ততোটা জনপ্রিয় নয়।”
“কংগ্রেসের পরিস্থিতির কারণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে এগোনো ওবামা প্রশাসনের জন্য এখন খুবই কঠিন।”
সম্মেলনে সব দেশের জন্য কার্বন নিঃসরণের সীমা নির্ধারণ সংক্রান্ত একটি আইনি বাধ্যবাধকতা সৃষ্টির জন্য চুক্তিতে পৌঁছানো এবং দরিদ্র দেশগুলোর পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও বৈশিক উষ্ণতার প্রভাব মোকাবেলার জন্য এক হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের আলোচনায় নীরব ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র।
গ্রীন হাউজ গ্যাস সূর্যের তাপ বায়ুমণ্ডলে আটকে দেওয়ার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এর ফলে আবহাওয়ার পরিবর্তন হয় এবং তা ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, নদীভাঙন ও পানিতে লবণাক্ততা বাড়িয়ে তোলাকে ত্বরান্বিত করে।
আশঙ্কা করা হয়, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে তা জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আনতে পারে যা প্রশমণের কোনো উপায় থাকবে না।
জাতিসংঘ ও বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে হলে ১৯৯০ যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো ২০২০ সাল নাগাদ তা ৪০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ তা ৯৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এছাড়া ২০১৫ সালের পর কোনোভাবেই কার্বন নিঃসরণের পরিমাণ সর্বোচ্চ হতে পারবেন না।
এক্ষেত্রে কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণের বদলে যুক্তরাষ্ট্র বলছে, কার্বন নিঃসরণ সামর্থ্য অনুযায়ী যতো সম্ভব কমিয়ে আনার প্রতিশ্র“তি দিক দেশগুলো। ২০০৫ সালে দেশটি যে পরিমাণ কার্বন নিঃসরণ করতো ২০২০ নাগাদ তার ১৭ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্র“তি অবশ্য দিয়েছে দেশটি।
অদূর ভবিষ্যতে এ প্রতিশ্র“তির কোনো পরিবর্তন হবে না বলে এ সপ্তাহে মন্তব্য করেছেন সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জনাথন পার্শিং।
আর্থার রুঞ্জ-মেতজার অবশ্য বলেছেন, “সবাই এ প্রতিশ্র“তি দিলে তা জলবায়ু দুর্যোগ এড়াতে বিজ্ঞানীরা কার্বন নিঃসরণ কমিয়ে আনার যে প্রয়োজনীয় শর্তের কথা বলেছেন তার প্রায় অর্ধেক হবে।”
এদিকে বলিভিয়ার প্রতিনিধি দলের প্রধান রেনে ওরেলানা তার দেশের পক্ষ থেকে দেওয়া প্রথম ভাষণে বন উজাড়ের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রস্তাব নাকচ করেছেন।
তিনি বলেন, “বন কার্বন সঞ্চয়ে ভূমিকা রাখে না।”
দেশের আয়তনের প্রায় অর্ধেক জুড়ে বনাঞ্চল ছড়িয়ে থাকা দেশ বলিভিয়ার খাদ্য নিরাপত্তা, পানির উৎস এবং আদিবাসীদের প্রাণবৈচিত্র্য রক্ষায় বনাঞ্চলের ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন রেনে।
কার্বন গ্যাস নিঃসরণের মাত্রা পরিমাণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনতে ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়। এ চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হতে চললেও আইনি বাধ্যবাধকতা না থাকায় শিল্পোন্নত দেশগুলোকে কার্বন গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে বাধ্য করা যায়নি।
এ কারণেই গত দুটি জলবায়ু সম্মেলনেই নতুন একটি চুক্তি করার কথা বলা হচ্ছে, যাতে কার্বন গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও বাধ্যবাধকতা থাকবে।
গত ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হওয়া ১২ দিনের জলবায়ু সম্মেলনে এগুলোই হবে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর মুখ্য দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিকে/এএইচ/পিডি/০০৩৯ ঘ.
bdnews24