২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের নির্বাচনে এগিয়ে ব্রাদারহুড

মিশরের নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের জাস্টিস এন্ড পিস পার্টি ৪০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

কায়রো, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের জাস্টিস এন্ড পিস পার্টি ৪০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। এর পরের অবস্থানেই আছে যথাক্রমে সালাফিস্ট পার্টি আল-নূর ও লিবারেল পার্টিস। শনিবার আরব গণমাধ্যমগুলোতে এ খবর জানানো হয়। লন্ডন থেকে প্রকাশিত আরবী ভাষার দৈনিক সংবাদপত্র আল-কুদস আল-আরাবি এবং আল-হায়াত তাদের প্রতিবেদনে জানিয়েছে, মিশরের নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের জাস্টিস এন্ড পিস পার্টি পেয়েছে ৪০ শতাংশ ভোট। সালাফি ইসলামপন্থীদের আল-নূর পার্টি পেয়েছে ২০ শতাংশ ভোট এবং লিবারেল পার্টিস ১৫ শতাংশ ভোট পেয়েছে। গত ছয় দশকের মধ্যে মিশরে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনের প্রথম পর্বে আশি লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশটির প্রধান নির্বাচনী কর্মকর্তা আব্দুল ময়েজ ইব্রাহিম বলেন, এ সংখ্যা মোট ভোটারের ৬২ শতাংশ। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের আমলের যে কোনো নির্বাচনের চেয়েই এ সংখ্যা অনেক বেশি বলে জানান তিনি। মিশরের চলতি পার্লামেন্ট নির্বাচন তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে দেশটির রাজধানী কায়রোসহ আরো কয়েকটি এলাকায় ভোট গ্রহণ করা হয়। দেশের বাকি অংশে আগামী তিন মাসের মধ্যে বাকি দুই পর্বের ভোট অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচনী কর্মকর্তা ময়েজ ইব্রাহিম জানান, প্রথম পর্বের নির্বাচনে নির্বাচনী এলাকার মোট ১ কোটি ৩৬ লাখ ভোটারের মধ্যে ৮৩ লাখ ভোটার ভোট দিয়েছে। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উল¬সিত হয়ে কৌতুক করে তিনি বলেন, “ফরাওদের আমল থেকে এ পর্যন্ত মিশরের কোনো নির্বাচনে এতো ভোট পড়েনি।” এসময় তিনি মুবারক বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নিহত ৮৫০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন ও স্বাধীনতার বৃক্ষে শহীদের রক্ত জল দিচ্ছে, আমরা সেই গাছের প্রথম ফল পেতে যাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/১৮২৪ঘ.