লন্ডন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিক্ষক, হাসপাতালকর্মী ও সীমান্তরক্ষীসহ সরকারি কর্মজীবীদের ডাকা ধর্মঘটে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাজ্য। দেশটির গত ৩০ বছরের ইতিহাসে এ ধর্মঘট নজিরবিহীন।
বুধবার দেশজুড়ে এ ধর্মঘটে বন্ধ হয়ে গেছে স্কুল, ব্যাহত হচ্ছে হাসপাতাল, অফিস-আদালতের কার্যক্রম। বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল। এ সংখ্যা এক হাজারেরও বেশি।
সরকারী খাতে কর্মরত ২০ লাখেরও বেশী কর্মজীবী ধর্মঘটে যোগ দিচ্ছে। প্রস্তাবিত পেনসন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ করছে তারা।
সরকার মঙ্গলবার সরকারি কর্মচারিদের বেতন কমানো এবং কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করায় জনগণ ক্ষুব্ধ হয়ে এই গণবিক্ষোভে নেমেছে।
দেশের জোট সরকারের ওপর চাপ সৃষ্টি করাই ধর্মঘটকারীদের উদ্দেশ্য। তবে ক্রমেই দুর্বল হতে থাকা অর্থনৈতিক অবস্থা নিয়ে ক্ষমতাসীন জোট সরকার চাপের মধ্যেই আছে।
ধর্মঘটের কারণ হিসেবে কর্মজীবী সংগঠনগুলো জানিয়েছে, প্রস্তাবিত পেনসন সংস্কার বিলে কর্মজীবীদের তাদের পেনসনের জন্য বাড়তি অর্থ জমা দিতে চাপ প্রয়োগ করাসহ অবসরের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হবে।
ওদিকে সরকার বলছে, নাগরিকরা আগের চেয়ে দীর্ঘায়ু হয়েছে তাই তাদের কর্মজীবনের সীমা বাড়ানো দরকার। আর পেনসন দেওয়ার মতো যথেষ্ট তহবিল নেই বলেই এ খাতে বাড়তি অর্থ নেওয়া দরকার।
ধর্মঘটের কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্যখাত, করখাতের সেবা বন্ধ হয়ে যেতে পারে, পাশাপাশি স্কুলও বন্ধ হয়ে যেতে পারে। সীমান্তরক্ষীরাও ধর্মঘটে যোগ দেয়ায় যুক্তরাজ্যের বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোরও কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিশৃঙ্খলার আশঙ্কায় সোমবারই ইউরোপের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিথ্রোর বিভিন্ন বিমান সংস্থা তাদের বেশ কিছু বিমানসূচী বাতিল করেছে।
সরকার যুক্তরাজ্যের বিভিন্ন দূতাবাস থেকে অনেক কর্মীকে ফিরিয়ে এনেছে ও স্বেচ্ছাসেবী সংগ্রহ করে তাদের দিয়ে সীমান্তরক্ষার কাজ চালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
চ্যান্সেলর জর্জ ওসবোর্ন এ ধর্মঘটের নিন্দা জানিয়ে বিবিসি টিভি কে বলেছেন, এতে কোনো পরিবর্তন আসবে না। এতে বরং দেশের অর্থনীতি আরো দুর্বল হবে।
এ কারণে ধর্মঘট না করে বরং আরো আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তিনি ধর্মঘটীঁদের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.
bdnews24