২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মুবারক আল সাবাহ

কুয়েতের আমির দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী শেখ জাবের আল- মুবারক আল সাবাহর নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। তাকেই পূর্ণ মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

কুয়েত, নভেম্বর ৩০ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুয়েতের আমির দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী শেখ জাবের আল- মুবারক আল সাবাহর নাম ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। তাকেই পূর্ণ মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। কুয়েতের মন্ত্রিসভার পদত্যাগের দু’দিন পর বুধবার আল জাজিরা টেলিভিশন ও দেশটির বিভিন্ন সংবাদপত্রে একথা বলা হয়েছে। তবে কাতারভিত্তিক এ টেলিভিশন চ্যানেলে কোনো সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়নি এবং এ বিষয়ে কুয়েতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। কুয়েতের দু’টি সংবাদপত্র তাদের ওয়েবসাইটে সূত্রের উল্লেখ না করে আরো জানিয়েছে, আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ সংসদ ভেঙ্গে দেবেন। দৈনিক আল-ওয়াতান সংবাদপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে যেকোনো সময় শেখ জাবেরের মনোনয়ন আশা করছে রাজনৈতিক সূত্রগুলো। দুর্নীতির অভিযোগে বিক্ষোভকারী ও বিরোধীদলের চাপের মুখে সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহসহ পুরো মন্ত্রিসভা পদত্যাগ করেছে। কুয়েতে ক্ষমতাসীন আল সাবাহ পরিবারের নিয়ন্ত্রণাধীন সরকার ও ৫০ সদস্যের নির্বাচিত সংসদের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে। ২০০৬ সালে শেখ নাসের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশটির আমির বেশ কয়েকবার সংসদ ভেঙ্গে দিয়েছেন ও তিনবার আগাম নির্বাচনের আয়োজন করেছেন। মন্ত্রিসভাও কয়েকবার পুনর্গঠিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৮ ঘ.