২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকসনের মৃত্যু: চিকিৎসকের চার বছর কারাদণ্ড

পপতারকা মাইকেল জ্যাকসনকে ‘অনিচ্ছাকৃতভাবে’ হত্যার দায়ে এ সাজা পেলেন চিকিৎসক কনরাড মারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

লস অ্যাঞ্জেলেস, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পপসম্রাট মাইকেল জ্যাকসনকে অনিচ্ছাকৃতভাবে হত্যার দায়ে তার চিকিৎসক কনরাড মারেকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। জ্যাকসনের মৃত্যুর প্রায় আড়াই বছর পর যুুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আদালত মঙ্গলবার এই আদেশ দেয়। একইসঙ্গে মারের চিকিৎসক সনদ বাতিল করা হয়। এর আগে গত ৭ নভেম্বর কনরাড মারেকে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে ১২ সদস্যের জুরি বোর্ড। বিচারক মাইকেল পাস্তর মঙ্গলবার সাজার আদেশে বলেন, এই মামলার তথ্য-উপাত্তে চিকিৎসক হিসেবে মারের ক্রমাগত মিথ্যাচার ও অসততার প্রমাণ পাওয়া গেছে। ২০০৯ সালের ২৫ জুন লস অ্যাঞ্জেলেসের বাড়িতে পঞ্চাশ বছর বয়সে মারা যান বহু জনপ্রিয় অ্যলবামের স্রষ্টা পপ তারকা মাইকেল জ্যাকসন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে। পরে তদন্তে দেখা যায়, চিকিৎসার সময় অতিমাত্রায় চেতনাশক প্রোপোফল শরীরে প্রবেশ করার কারণেই মারা যান জ্যাকসন। ব্যক্তিগত চিকিৎসক হিসাবে ডা. মারে এই শিল্পীর দেখভাল করে আসছিলেন। জ্যাকসনের মৃত্যুর দুই বছর পর বিচার শুরু হয় তার চিকিৎসকের। জ্যাকসনের পরিবারের পক্ষে আইনজীবীরা অভিযোগ করেন, মারে অতিমাত্রায় প্রোপোফল দেওয়ার কারণেই জ্যাকসন মারা গেছেন। অসুস্থ জ্যাকসনের জন্য সঠিক ব্যবস্থা নিতেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে মারে দাবি করেন, জ্যাকসন বিভিন্ন ধরনের বেদনানাশক ওষুধে আসক্ত ছিলেন। তিনি নিজেই কোনোভাবে প্রোপোফল নিয়েছিলেন। আর সেই সময়টায় কনরাড ঘরে ছিলেন না। জ্যাকসনের পরিবার এ মামলায় মারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবে কি না- তা নির্ধারণ করা হবে আগামী জানুয়ারিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০১০৬ ঘ.