২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর নির্বাচনে সহিংসতা

কঙ্গোয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শুরু হওয়া সাধারণ নির্বাচনে সহিংসতা হয়েছে। দক্ষিণাঞ্চলের চারটি ভোটকেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 11:53 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

কিনশাসা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শুরু হওয়া সাধারণ নির্বাচনে সহিংসতা হয়েছে। দক্ষিণাঞ্চলের চারটি ভোটকেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে। প্রাক নির্বাচনী সহিংসতায় শনিবার হতাহতের ঘটনার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সোমবার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। দেশজুড়ে ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। এরই মধ্যে দক্ষিণাঞ্চলীয় খনি প্রদেশ কাতাঙ্গায় মুখোশ পরা বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনী গুলি করে তিনজনকে হত্যা করে। এ ঘটনায় ৭ জন গ্রেপ্তার হয়েছে এবং ৫ জন অবরুদ্ধ হওয়ার পর সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে টেলিফোনে জানিয়েছেন কাতাঙ্গার গভর্নর মোইসে কাতুম্বি। ওদিকে, বিরোধীদের প্রাণকেন্দ্র ওয়েস্ট কাসাই এলাকায় স্থানীয়রা তিনটি ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছে। সহিংসতায় মারাত্মকভাবে আহত হয়েছে তিন নির্বাচনী পর্যবেক্ষক। কঙ্গোর নির্বাচনী পর্যবেক্ষক দল ‘ধারইএনওএসইসি’ একথা জানিয়েছে। তবে বেশির ভাগ এলাকায়ই শান্তিপূর্ণ ভোট হচ্ছে। রাজধানী কিনশাসার পরিস্থিতিও আপাতত শান্ত। ধীরে ধীরে চলছে ভোটগ্রহণ। ভোটের সাজসরঞ্জামের অভাবের কারণে ভোটগ্রহণ শুরু হতে দেরী হওয়ার অভিযোগ করেছে অনেকেই। বিরোধীদলীয় নেতা এতিয়েনে থিসেকেদি প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে ভোট ডাকাতি পরিকল্পনার অভিযোগ করায় নির্বাচনে চরম উত্তেজনা বিরাজ করছে। কঙ্গোয় যুদ্ধ শেষের পর এটি ২য় নির্বাচন। নির্বাচনের আগে সহিংসতার কারণে আন্তর্জাতিক সংগঠন দেশটির জনগণকে সংযত ও শান্ত থাকার আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৮ঘ.