২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো হামলার বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ

ন্যাটো হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের প্রতিবাদে রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছে পাকিস্তানিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

করাচি, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ন্যাটো হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের প্রতিবাদে রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছে পাকিস্তানিরা। ক্ষুব্ধ জনতা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেয়। এ সময় কড়া নিরাপত্তাধীন কনস্যুলেট ভবনের দেয়াল বেয়ে উঠে কাঁটাতারের বেড়ায় পাকিস্তানি পতাকা গেঁথে দেয় এক যুবক। আরেক বিক্ষোভকারী বলে ওঠে “আমেরিকা আমাদের সীমান্তে হামলা চালাচ্ছে। সরকারের অবিলম্বে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত।” “আমেরিকা আমাদের দেশ দখল করতে চায়। কিন্তু আমার তা হতে দেবো না।” যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তারা উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করছেন। কিন্তু পাক সেনাদের মৃত্যু ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে। উপরন্তু নতুন করে বিক্ষোভে হুমকির মুখে পড়েছে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক। শনিবার আফগান মিশনে থাকা দুটি ন্যটো হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাকিস্তানের সেনাফাঁড়িতে হামলা করে। এতেই নিহত হয় ২৪ সেনা। পাকিস্তানের ভাষ্য, কোনোরকম উস্কানি ছাড়াই এ হামলা হয়েছে। ওদিকে, ন্যাটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন এক বিবৃতিতে এ ঘটনাকে মর্মান্তিক এবং অনিচ্ছাকৃত দুর্ঘটনা বলে দাবি করেছেন। বিষয়টি তিনি তদন্ত করে দেখারও পক্ষপাতি বলে জানান। রাসমুসেন বলেন, “আমরা তদন্ত করে দেখব কী ঘটেছিল এবং সে অনুযায়ী সঠিক পদক্ষেপ নেবো।” কিন্তু তার এ আশ্বাসে পরিস্থিতি শান্ত হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। অনেক পাকিস্তানিরই ধারণা, তাদের সেনারা জঙ্গিদের বিরূদ্ধে যুদ্ধ করছে এবং এতে শুধু পশ্চিমাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ। যুক্তরাষ্ট্র আবারো পাকিস্তানের পিঠে ছুরি মেরেছে- এ শিরনামেই হামলার ঘটনায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে দ্য ‘ডেইলি টাইমস’ পত্রিকা। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে হামলা চালায় আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনী। আফগানিস্তানের কুনার প্রদেশের সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে পাকিস্তানের মোহমান্দের বাইজাই এলাকায় তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইরত পাকিস্তানি সেনাদের ওপর হেলিকপ্টার ও যুদ্ধবিমান থেকে ওই হামলা চালানো হয়। হামলায় পাকিস্তানের ২৮ জন সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে দেশটির দুই সেনা কর্মকর্তা জানান। তবে সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতের সংখ্যা ২৪ এবং আহতের সংখ্যা ১৩ বলে উলে¬খ করা হয়েছে। নিহত সেনাদের রোববার সমাহিত করেছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ঘ.