২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর রসদ বন্ধ করেছে পাকিস্তান

ন্যাটোর হেলিকপ্টার হামলায় পাকিস্তানের ২৮ জন সেনা সদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের কয়েকটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করেছে পাকিস্তান। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

পাকিস্তান, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটোর হেলিকপ্টার হামলায় পাকিস্তানের ২৮ জন সেনা সদস্য নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের কয়েকটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করেছে পাকিস্তান। আফগানিস্তান থেকে উড়ে এসে ন্যাটোর হেলিকপ্টার স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে এই হামলা চালায়। আফগান সীমান্ত থেকে আড়াই কিলোমিটার দূরে পাকিস্তানের মোহমান্দের বাইজাই এলাকার সালালা তল্লাশি চৌকিতে এ হামলা হয়। নিহতদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তাও রয়েছে। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলেন, হামলার কয়েক ঘণ্টা পর আফগানিস্তানে ন্যাটোর রসদবাহী ট্রাক ও জ্বালানিবাহী ট্যাঙ্কার পেশোয়ারের নিকটবর্তী উপজাতি অধ্যুষিত খাইবার এলাকার জমরুদ শহরে থামিয়ে দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা মুতাহির জেব রয়টার্সকে বলেন, “আমরা রসদ সরবরাহ বন্ধ করেছি এবং জমরুদের তল্লাসি চৌকি থেকে ৪০টির মতো ট্যাঙ্কার ও ট্রাক ফিরিয়ে আনা হয়েছে।” অবশ্য অন্য এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার কারণে রসদ সরবরাহ বন্ধ করা হয়েছে। “উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চল দিয়ে যাওয়ার সময় এগুলোর ওপর হামলা হওয়ার আশঙ্কা থাকায় আমরা সেগুলো পেশোয়ারের দিকে ফিরিয়ে দিয়েছি।” সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, বেলুচিস্থানের চামান সীমান্ত পারাপার পথও বন্ধ করা হয়েছে। ন্যাটোর এক মুখপাত্র বলেন, আফগানিস্তানে ন্যাটোর জন্য প্রয়োজনীয় রসদের ৪৯ শতাংশই পাকিস্তানের ওপর দিয়ে যায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ওয়াশিংটনের সঙ্গে গাটছড়া বাঁধে ইসলামাবাদ। তারপর থেকে এখন পর্যন্ত শনিবারের এ হামলাতেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর পশ্চিমা যৌথবাহিনীর একক কোনো হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। পাকিস্তানের দুই সেনা কর্মকর্তা বলেন, এ হামলায় ২৮ জনের মতো সেনা সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছে। গত ২ মে পাকিস্তানের সেনা শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়া নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন দেখা দেয় তা এখনো চলছে। এর মধ্যেই শনিবারের এ হামলা হলো। পাকিস্তান বলছে, এ অভিযান দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, “পাকিস্তানি তল্লাসি চৌকিতে ন্যাটো বা আইএসএএফ’র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহমিনা জাঞ্জুয়া এক বিবৃতিতে বলেন, “তার নির্দেশনায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।” আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বেশ কয়েক মাস ধরেই তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ করে ন্যাটো আকাশ পথে হামলা চালিয়ে আসছে। গত বছর ওই সীমান্তের নিকটবর্তী অঞ্চলে মার্কিন হেলিকপ্টারের হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার জেরে আফগানিস্তানে অবস্থানরত বিদেশি সেনাদের রসদ সরবরাহের পথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮৫৬ ঘ.