কায়রো, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে পার্লামেন্ট নির্বাচনের আর মাত্র দু’দিন বাকী। কিন্তু এখনো ক্ষমতাসীন সেনাপরিষদকে হঠাতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। ইতোমধ্যে নতুন প্রধানমন্ত্রী গানজুরিকে প্রত্যাখ্যান করেছে তারা।
টানা আট দিন ধরে কায়রোর স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) অবস্থান নিয়ে আছে আন্দোলনকারীরা। শনিবারও তারা ব্যাপক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তাদের দাবি, নির্বাচন হবে বেসামরিক সরকারের অধীনে। আর এ কারণে সেনা পরিষদ ক্ষমতা না ছাড়া পর্যন্ত পার্লামেন্ট নির্বাচন পেছানো হোক।
অবশ্য এখনো পর্যন্ত, নির্বাচন আয়োজনের ব্যাপারে অটল রয়েছে দেশটির ক্ষমতাসীন সেনা পরিষদ। এমন কি মুসলিম ব্রাদারহুড ও ফ্রিডম জাস্টিস পার্টিও চাইছে নির্বাচন হোক। কেননা এতে করে তাদের ভালো ফলাফলের সম্ভাবনা আছে।
কিন্তু আন্দোলনকারীরা মনে করে, একটি পাতানো নির্বাচনের জন্যই সবকিছু আয়োজন করা হয়েছে। ফলাফল ঠিক করে রাখা আছে। আর এ কারণে সেনা বাহিনীর অধীনে কোনো নির্বাচন নয়।
শুক্রবার গভীর রাতেও হাজার হাজার আন্দোলনকারী স্বাধীনতা চত্বরে অবস্থান করছিলো। অব্যাহত আন্দোলনের মাধ্যমে সেনা পরিষদকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করতে পারবে বলে বিশ্বাস করে তারা।
গত শনিবার থেকে শুরু হওয়া সেনা শাসন বিরোধী আন্দোলন-বিক্ষোভে এ পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে। কিন্তু গত ফেব্র“য়ারিতে হোসনি মুবারকের পতনের পর থেকে ক্ষমতা দখল করে থাকা জেনারেলদের মধ্যে ক্ষমতা ছাড়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
২০১২’র জুন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন পরিষদ। এরমধ্যে আবার মুবারক আমলের প্রধানমন্ত্রী কামাল গানজুরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে তারা।
শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে গণমাধ্যমের সামনে দেয়া প্রথম বক্তৃতায় গানজুরি তাকে একটি ‘সুযোগ’ দেয়ার জন্য মিশরবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন। এসময় প্রধানমন্ত্রীর দায়িত্বকে ‘অত্যন্ত কঠিন’ বলে মন্তব্য করেন তিনি।
তবে স্বাধীনতা চত্বরের আন্দোলনকারীরা গানজুরিকে প্রত্যাখ্যান করেছে। তারা প্রধানমন্ত্রী হিসেবে গানজুরির নিয়োগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
এদিকে, শুক্রবার কায়রোর আব্বাসিয়া চত্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সেনা পরিষদের সমর্থনে প্রায় ১০ হাজার লোক সমাবেশ করে। তবে এ সংখ্যা স্বাধীনতা চত্বরে জমায়েত সেনা বিরোধী আন্দোলকারীদের তুলনায় নিতান্তই কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩১ ঘ.
bdnews24