ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মাওবাদী নেতা কোটেশ্বর রাও কিষেণজিকে গ্রেপ্তারের পর নির্যাতন চালিয়ে বর্বরোচিতভাবে হত্যা করা হয় বলে দাবি করেছে তার দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মাওবাদী)।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ হত্যাকাণ্ড তাদের দলের মুখপাত্র আজাদের হত্যার মতো।
মধ্যস্থতাকারীর সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালানোর এক পর্যায়ে ২০১০ সালের জুলাইয়ে আজাদকে হত্যা করা হয়।
সিপিএম (মাওবাদী) শুক্রবার এক বিবৃতি বলেছে, “এ পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার বুরিশোল জঙ্গলে বন্দুকযুদ্ধের গল্পটি কাল্পনিক।”
সিপিআই-মাওবাদী দলের তৃতীয় শীর্ষ নেতা কিষেণজি বৃহস্পতিবার আধাসামরিক বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে ভারতের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।
তফসিলি হিন্দুদের বিভিন্ন বর্ণ ও উপজাতিদের সাবেক জাতীয় কমিশনার বি ডি শর্মা ও রেভল্যুশনারি ডেমোক্র্যাটিক ফ্রন্টের জি এন সাইবাবা এক যৌথবিবৃতিতে কিষেণজির মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
কিষেণজি হত্যার অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার দাবিও করেছেন তারা।
এদিকে কিষেণজির মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দেওয়ায় শুক্রবার ভারতের আধা সামরিক বাহিনী দ্য প্যারামিলিটারি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরডিএফ) পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।
সিআরডিএফ’র মহাপরিচালক কে বিজয় কুমার বলেন, “যখন আমরা অনেকে মারা যাই, তখন সেটা ন্যায়সঙ্গত থাকে। কিন্তু যখন তারা মারা পড়ে, তখন তা ভুয়া বন্দুকযুদ্ধ হয়।”
কিষেণজি যেখানে নিহত হয়েছেন বুরিশোল জঙ্গলের সে জায়গা পরিদর্শন করে তিনি বলেন, “আমি যা শুনেছি, তাতে এটা একটা স্পষ্ট অভিযান ছিলো।”
অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করে বিজয় বলেন, “এটা একটি বিশাল অর্জন। তরুণরা বড় একটি কাজ করেছে।”
এ অভিযানে সিআরডিএফ এবং মাওবাদী দমন এলিট ফোর্স (কমব্যাট ব্যাটালিয়ন ফর রেসোলুট অ্যাকশন-সিওবিআরএ) অংশ নেয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
বিজয় বলেন, দুটি বাহিনীর (আধাসামরিক বাহিনী ও রাজ্য পুলিশ) যৌথ অভিযানের এক বিশাল দৃষ্টান্ত এটি।
মাওবাদীরা চাপের মুখে আছে মন্তব্য করে সিআরডিএফ’র এ কর্মকর্তা বলেন, কিষেণজির আগের মতো বহুস্তরের নিরাপত্তা ছিলো না।
“তাদের জনসমর্থনও ধীরে ধীরে কমে এসেছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০১০৫ ঘ.
bdnews24