২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেটেই ফেলতে হচ্ছে সাইফের আঙুল

মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের হাতের তিনটি আঙুলে পচন ধরায় সেগুলো কেটে ফেলতে হবে বলে জানিয়েছে তার চিকিৎসায় নিয়োজিত একজন ডাক্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

জিনতান/ত্রিপোলি, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামের হাতের তিনটি আঙুলে পচন ধরায় সেগুলো কেটে ফেলতে হবে বলে জানিয়েছে তার চিকিৎসায় নিয়োজিত একজন ডাক্তার। বৃহস্পতিবার সাইফের চিকিৎসক আন্দ্রেই মুরাকোভস্কি জানান, খুব শিগগিরই অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো কেটে না ফেললে সাইফ আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কয়েক মাস আগে লিবিয়ায় ন্যাটোর বিমান হামলা ও তা থেকে কোনো এক বিস্ফোরণে সাইফ তার ডান হাতের মধ্যমা, তর্জনী ও বুড়ো আঙ্গুলে আঘাত পান। সেসময় তিনি নিজেই আঘাতগুলোতে প্রাথমিক চিকিৎসা চালাচ্ছিলেন। জিনতান শহরে কর্মরত ইউক্রেনিয়ান চিকিৎসক আন্দ্রেই মুরাকোভস্কি বলেন, আঘাতগুলো ভালো অবস্থায় নেই। তাই এগুলো কেটে ফেলা প্রয়োজন। তিনি বলেন, অস্ত্রোপচারটি খুব জটিল কিছু নয় এবং তা জিনতানের হাসপাতালেই করা সম্ভব। তবে সাইফকে হাসপাতালে নিলে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তবে যত দ্রুত সম্ভব সাইফের অস্ত্রোপচার করা জরুরি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে জিনতানেই আটকাবস্থায় রয়েছেন সাইফ। গত শনিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমি থেকে সাইফকে আটক করে জিনতানে নিয়ে আসে বিদ্রোহীরা। অন্তর্র্বতী সরকারের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত এখানেই রাখা হবে তাকে। এদিকে সাইফের আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছবি টেলিভিশনে প্রচার করা হলে অনেকেই মনে করেন যে তার হাতের আঙুল কেটে ফেলেছে বিদ্রোহীরা। টেলিভিশনে তর্জনি প্রদর্শন করে নির্দেশসহ অন্যান্য উদ্ধত ভঙ্গির মাধ্যমে বিদ্রোহীদের বিভিন্ন হুমকি দিয়েছিলেন সাইফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৭ ঘ.