২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে স্বেচ্ছামৃত্যুতে সাহায্যকারী বিজ্ঞানীর সাজা

মাকে স্বেচ্ছামৃত্যুতে সাহায্য করায় এক বিজ্ঞানীকে পাঁচ মাসের গৃহবন্দিত্বের সাজা দিয়েছে নিউজিল্যান্ডের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাকে স্বেচ্ছামৃত্যুতে সাহায্য করায় এক বিজ্ঞানীকে পাঁচ মাসের গৃহবন্দিত্বের সাজা দিয়েছে নিউজিল্যান্ডের একটি আদালত। রায় ঘোষণার সময় বলা হয়, মায়ের প্রতি ‘গভীর সমবেদনা ও ভালোবাসা’ থেকেই এ ঘটনা ঘটিয়েছেন ৫০ বছর বয়সী শন ডেভিডসন। ব্যক্তিগত ফায়দার কোনো উদ্দেশ্য তার ছিলো না। বিবিসি জানায়, ২০০৬ সালে নিজের মাকে প্রাণঘাতী মরফিন মিশ্রিত পানীয় দিয়ে তার মৃত্যুতে সাহায্য করেন দক্ষিণ আফ্রিকায় কর্মরত এ ফরেনসিক বিশেষজ্ঞ। ডেভিডসন সাংবাদিকদের বলেন, তাকে এ সাজা দেওয়া অন্যায় এবং তার বিচার হওয়াই উচিত নয়। এটি ঠিক বিচার নয়, একে অপরাধ হিসেবে যেনতেনভাবে প্রমাণের চেষ্টা মাত্র। আমার মনে হয় আইন মানবতার জন্য হওয়া উচিত। প্রাথমিকভাবে শনকে হত্যা প্রচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়। তবে পরে ‘আত্মহত্যার পরামর্শ ও প্ররোচনা’র অভিযোগ আনা হয় শনের বিরুদ্ধে। হাইকোর্টের বিচারক ক্রিস্টিন ফ্রেঞ্চ বলেন, শন একজন ব্যতিক্রমী একনিষ্ঠ ও স্নেহময় সন্তান, যিনি জানতেন তিনি অপরাধ করছেন, তবে এর পিছনে তার উদ্দেশ্য অপরাধমূলক ছিলো না। মায়ের মৃত্যুর আগে তার দেখাশোনা করার অভিজ্ঞতার বর্ণনা প্রকাশের পর শনের বিরুদ্ধে মামলা হয়। এতে তিনি বলেন, মা নিজের মৃত্যুতে সাহায্য করার জন্য বারবার অনুরোধ করতো তাকে। দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব দি ওয়েস্টার্ন কেপে ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন তিনি। সেদেশে জাতিগত সহিংসতায় নিহতদের বিভিন্ন সমাধি ও গণসমাধি থেকে উদ্ধার করা লাশের ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় উদ্ধারে কাজ করছেন তিনি। শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটুর দেওয়া চারিত্রিক সনদে শনকে ‘একজন ন্যায়নিষ্ঠ নাগরিক, যিনি সমাজে অবদান রাখছেন এবং সমাজকে দেওয়ার জন্য তার আরো অনেক কিছু রয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে। বিচারের মুখোমুখি হতে স্বেচ্ছায় দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে ফিরে আসেন শন। গৃহবন্দিত্বের সাজাও নিউজিল্যান্ডেই ভোগ করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫৮ ঘ.