মস্কো, ২৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে এগোনোর চেষ্টা করলে রাশিয়া ইইউ সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বলে বুধবার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছতে না পারলে কালিনিনগ্রাদ অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।
ইউরোপে ২০২০ সালের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু এ পরিকল্পনায় সন্দিহান রাশিয়া।
ওয়াশিংটনের এ পরিকল্পনা রাশিয়ার পরমাণু শক্তির জন্য হুমকিস্বরূপ বলেই আশঙ্কা মস্কোর।
মস্কো গত বছর এ প্রতিরক্ষা ব্যবস্থায় সহযোগিতা করার ন্যাটো প্রস্তাবে রাজি হলেও এর পরিচালনা ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে বিষয়টি নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে।
রাশিয়া চায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবেই পরিচালিত হোক। কিন্তু ন্যাটো তাতে রাজি নয়।
এর সুরাহা না হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত স্টার্ট অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছেন মেদভেদেভ।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রজোট ন্যাটো এ মুহূর্তে ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগকে আমল দিচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে।”
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের মতো দুর্বৃত্ত রাষ্ট্রগুলোর হুমকি মোকাবেলা করাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার উদ্দেশ্য। বুশ-আমলের পরিকল্পনা অনুযায়ী, এ ব্যবস্থা গড়ে তোলা হবে মূলত পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৫ গ.
bdnews24