২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছেড়ে দিন, আসাদকে তুরস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলেছে তুরস্ক। সিরিয়ার জনগণের স্বার্থেই আসাদের ক্ষমতা ছাড়া উচিত বলে সরাসরি মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 07:35 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

আঙ্কারা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলেছে তুরস্ক। সিরিয়ার জনগণের স্বার্থেই আসাদের ক্ষমতা ছাড়া উচিত বলে সরাসরি মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী। এদিকে, প্রতিবাদ বন্ধে সিরিয়ায় চলমান সহিংস দমনীতির নিন্দা জানিয়ে জাতিসংঘে এক প্রস্তাব পাশ করেছে বিশ্ব স¤প্রদায়। এছাড়া, মঙ্গলবারও সিরিয়ার সরকারী বাহিনীর দমনপীড়নে আরো ২১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পক্ষত্যাগকারী সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা। মঙ্গলবার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে প্রধানমন্ত্রী তাইয়িপ এরদোগান সিরিয়ার আসাদকে উদ্দেশ্য করে বলেন, “আর কোনো নিরীহ নাগরিকের রক্ত ঝরার আগে, আর কোনো অবিচারের আগে, জনগণের, দেশের ও এ অঞ্চলের শান্তির লক্ষ্যে, ক্ষমতা থেকে সরে যান।” “বাশার আল আসাদ বলেছেন, ‘আমি আমৃত্যু লড়াই করবো’। খোদার দোহাই, কার সাথে আপনি লড়াই করবেন?” প্রশ্ন করেন এরদোগান। “নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে পর্যন্ত বীরোচিত মৃত্যু না হচ্ছে! এটা কাপুরুষোচিত ভাবনা। আপনি যদি নিজের জনগণের সাথে মৃত্যু পর্যন্ত যুদ্ধরত কাউকে দেখতে চান তাহলে নাজি জার্মানির দিকে তাকান, হিটলারকে দেখুন, মুসোলিনিকে দেখুন,” বলেন এরদোগান। “আপনি যদি তাদের কাছ থেকে কোনো শিক্ষা না নিতে পারেন তাহলে নিহত গাদ্দাফির দিকে তাকান, তিনি নিজের জনগণের বিরুদ্ধে বন্দুক তাক করেছিলেন আর মাত্র ৩২ দিন আগে ঠিক আপনার মতোই কথা বলেছিলেন।” আরব লিগ থেকে সিরিয়াকে বহিষ্কার এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধ আরোপের সিদ্ধান্তকে এসময় সমর্থন করেন এরদোগান। তবে সিরিয়ার সমালোচনা করলেও দেশটিতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেন তিনি। “কোনো দেশের ভূমির দিকে আমরা চোখ দিয়ে রাখিনি, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করারও কোনো ইচ্ছা আমাদের নেই,” বলেন তিনি। এদিকে, সরকারবিরোধী আন্দোলন দমনে সিরিয়া সরকারের সহিংস দমননীতির নিন্দা জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবে আন্দোলনকারীদের হত্যা, মানবাধিকার কর্মীদের হত্যা, সরকারবিরোধী আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ ও বিচার ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য কঠোর ভাষায় সিরিয়ার নিন্দা জানানো হয়। নিন্দা প্রস্তাবের পক্ষে ১২২ ভোট, বিপক্ষে পড়ে ১৩ ভোট। চীন, রাশিয়াসহ ৪১ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকে। এছাড়া, মঙ্গলবার সিরিয়ার সরকারী বাহিনী চারজন শিশুসহ ২১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পক্ষত্যাগকারী সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা। নিহত চার শিশুকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হৌলা এলাকায় একটি স্কুলের সামনে গুলি করে হত্যা করা হয় বলে জানায় তারা। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক আন্দোলনকারীও আছে বলে জানায় মানবাধিকার সংগঠন সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আরব জনগণের রাজনৈতিক অধিকার আন্দোলন ‘আরব বসন্তে’ অনুপ্রাণিত সিরিয়ার জনতা মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলন শুরু করে। পরবর্তী আট মাসে আন্দোলন মোকাবিলায় সরকারী দমনপীড়নে ৩ হাজার ৫শ’ বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৯ ঘ.