এডেন, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ত্রধারীদের গুলিতে ইয়েমেন সেনাবাহিনীর একজন কর্ণেল নিহত হয়েছেন । নাম সাইদ আল রাদি।
শনিবার ইয়েমেনর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদরামউতের বন্দর শহর আর মুকাল্লার একটি রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই কর্ণেল রাদি নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা একজন আহত হন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে গত দশমাস ধরে দেশটিতে আন্দোলন-বিক্ষোভ চলছে। এ অস্থিরতার সুযোগে দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহর দখল করে নেয় আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা।
জঙ্গিদের সঙ্গে এ এলাকায় প্রায়ই সেনাবাহিনীর বড় ধরনের লড়াই হয়।
ওদিকে, তেল পাইপলাইনে হামলার কারণে অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে শনিবার এডেন তেল পরিশোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৫ঘ.
bdnews24