নিউ ইয়র্ক, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের জুকোত্তি পার্ক থেকে হটিয়ে দেওয়ার পর 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের কর্মীরা বৃহস্পতিবার রাস্তায় রাস্তায় মিছিল করেছে। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে গ্রেপ্তার করা হয়েছে দুই শতাধিক বিক্ষোভকারী।
যুক্তরাষ্ট্রের কর্পোরেট অর্থনৈতিক কাঠামোর সংস্কারের দাবিতে বৃহস্পতিবার নিউ ইয়র্কের প্রধান অর্থনৈতিক কেন্দ্র ওয়াল স্ট্রিট দখলে নিয়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু মঙ্গলবার ভোরে পুলিশ জুকোত্তি পার্কের ক্যাম্প থেকে তাদের সরিয়ে দেয়। আদালতও পুলিশের এই হস্তক্ষেপকে বৈধতা দেয়।
বৃহস্পতিবার পরিকল্পনা অনুযায়ী ওয়াল স্ট্রিটের দখল নিতে না পারলেও ব্র"কলিন ব্রিজসহ নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তায় মিছিল করে আন্দোলনকারীরা। বিভিন্ন পাতাল রেল স্টেশনেও তাদের মিছিল করতে দেখা যায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা সংঘর্ষ হয়।
শুরুতে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কম থাকলেও সন্ধ্যার পর মিছিলে ভিড় বাড়তে থাকে। ওয়াল স্ট্রিটে পুলিশ ব্যারিকেড দিয়ে ফুটপাতে আটকে রাখে বিক্ষোভকারীদের।
আন্দোলনকারীরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের কর্মস্থলে যাওয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা করলেও নিউ ইয়র্ক স্টক একচেঞ্জসহ অন্যান্য প্রতিষ্ঠান সময়মতোই চালু হয়।
জনগণের চলাচলে বাধা সৃষ্টি করায় দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলতি বছর ১৭ সেপ্টেম্বর জুকোত্তি পার্ক থেকে শুরু হয় এই আন্দোলন। তাদের অনুপ্রেরণায় বিশ্বের সব বড় বড় শহরগুলোতেও কর্পোরেট অর্থনীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে শুধু বহুজাতিক কোম্পানি ও ধনীরাই সুবিধাভোগ করছে, যারা দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। আর বাকি ৯৯ শতাংশ জনগণ এ ব্যবস্থায় বঞ্চনার শিকার হচ্ছে।
অন্যান্য শহরেও বিক্ষোভ
ওয়াল স্ট্রিটবিরোধীদের আন্দোলনে সংহতি জানিয়ে বৃহস্পতিবার মিয়ামি, ডেট্রয়েট ও বোস্টনেও বিক্ষোভ হয়। কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় বাড়ানোর দাবি জানায় বিক্ষোভকারীরা।
পাঁচ শতাধিক মানুষের বিক্ষোভে লস অ্যাঞ্জেলেসের মূল বাণ্যিজিক কেন্দ্র ডাউনটাউনে যাওয়ার পথগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষোভকারী সরিয়ে দেয় এবং অন্তত ২৩ জনকে গ্রেপ্তার করে।
শিকাগোয় কমপক্ষে তিনশ' বিক্ষোভকারী টমসন সেন্টারে সমাবেশ করে। ওয়াশিংটন ডিসিতে আন্দোলন কিছুটা ঝিমিয়ে পড়লেও, ডেনভারের ডাউনটাউনে শতাধিক মানুষ জুকোত্তি পার্কে পুলিশি অভিযানের প্রতিবাদ জানিয়ে মিছিল করে।
ডালাসের সিটি হলের পাশে প্রায় ছয় সপ্তাহ ধরে চলা আন্দোলনকারীদের ক্যাম্প বৃহস্পতিবার উঠিয়ে দেয় পুলিশ। এ সময় অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়। হঠিয়ে দেওয়া হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসের বিক্ষোভকারীদেরও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেকে/১২১২ ঘ.
bdnews24