লন্ডন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ যৌন নিপীড়নের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনে হস্তান্তর ঠেকানোর নতুন চেষ্টা নিয়েছেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
নতুন এ আইনি লড়াইয়ে তিনি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হচ্ছেন।
দুটি বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করার চেষ্টা চালাচ্ছেন অ্যাসেঞ্জ। আর তা হচ্ছে, তাকে সুইডেনে হস্তান্তরের বিষয়টি বেআইনি কিনা এবং তাকে আসলেই অভিযুক্ত বলা যায় কিনা তা আরেকবার খতিয়ে দেখা।
ইংল্যান্ড ও ওয়েলসের বিচার বিভাগের মুখপাত্র জানান, মামলাটি সুপ্রিম কোর্টে তোলার অনুমতি চেয়ে অ্যাসাঞ্জ ও তার আইনজীবীরা হাইকোর্টে একটি আবেদন করেছেন।
চলতি বছর ৫ ডিসেম্বর ব্রিটেনের হাইকোর্টে এ আবেদনের ওপর শুনানি হবে এবং ওই দিনই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। আপিল ব্যর্থ হলে ১০ দিনের মধ্যে অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে সুইডেনের কাছে হস্তান্তরের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন অ্যাসাঞ্জ। কিন্তু চলতি বছর ২ নভেম্বর তা খারিজ করে অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের রায়ই বহাল রাখে হাইকোর্ট। আগের আদেশে হস্তান্তর বৈধ এবং নিরপেক্ষ বলে রায় দেওয়া হয়।
গত বছর অ্যাসাঞ্জের উইকিলিকস ওয়েবসাইট যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বিপাকে পড়ে যায়। এতে করে অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে মার্কিন প্রশাসন।
ওই ঘটনার পর উইকিলিকসের দু'জন সাবেক সুইডিশ স্বেচ্ছাসেবী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তোলে।
এর পরিপ্রেক্ষিতে সুইডেন সরকার তাদের হাতে অ্যাসাঞ্জকে তুলে দেওয়ার জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানায়।
অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যে নজরবন্দি।
তবে ওই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে দাবি করে তা অস্বীকার করে আসছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪০ঘ.
bdnews24