২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের মা হলেন ঐশ্বরিয়া

অমিতাভ বচ্চন এক টুইটে জানিয়েছেন, ফুটফুটে এক মেয়ের দাদা হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 05:47 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভক্ত আর পরিবারের অপেক্ষার অবসান ঘটিয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন বচ্চন পরিবারের 'বহু' (বধূ) বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। বুধবার সকালে সাবেক এই মিস ওয়ার্ল্ডের মা হওয়ার খবর সামাজিক যোগাযোগের ইন্টারনেট মাধ্যম টুইটারে প্রকাশ করেন তার শ্বশুর অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, "আমি ফুটফুটে একটি মেয়ের দাদা হয়েছি।" এই টুইটে সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি 'বিগ বি'। ছেলে অভিষেক বচ্চনও সকালে টুইটারে লিখেছেন, "আমার মেয়ে হয়েছে।" টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার রাতে মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া। ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করায় ওই হাসপাতাল পরিণত হয় রীতিমতো দুর্গে। শেষ পর্যন্ত ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিরাপদেই সন্তানের জন্ম দেন ঐশ্বরিয়া রাই বচ্চন। চার বছর আগে অমিতাভের ছেলে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হয় ঐশ্বরিয়ার। বিয়ের পর থেকেই ঐশ্বরিয়ার গর্ভধারণ নিয়ে নানা গুজব চললেও শেষ পর্যন্ত গত জুনে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু এরপরও ডালাপালা ছড়াতে থাকে গুঞ্জন। ঐশ্বরিয়ার প্রথম সন্তান ছেলে হবে না মেয়ে, ২০১১ সালের ১১ নভেম্বর (১১.১১.১১) তার জন্ম হবে কি না- এসব বিষয়ে চলতে থাকে আলোচনা। এ নিয়ে শত কোটি টাকার বাজিরও আয়োজন করে ফেলে বাজিকররা। এদিকে ঐশ্বরিয়া-অভিষেকের সন্তানের জন্মের সময় বচ্চন পরিবারের 'ব্যক্তিগত গোপনীয়তায়' যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক, সেবিকা, নিরাপত্তাকর্মী এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সময় আট ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা হয় হাসপাতালে মোবাইল ফোন ব্যবহারের ওপরেও। ভারতের ব্রডকাস্ট এডিটর্স অ্যাসোসিয়েশনও (বিইএ) ঐশ্বরিয়ার প্রথম সন্তান জন্ম দেওয়ার খবর প্রকাশের ক্ষেত্রে ১০ দফা নির্দেশনা জারি করে। সন্তান প্রসব নিয়ে আগাম সংবাদ প্রকাশ, ব্রেকিং নিউজ, টিকার, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবজাতকের ভাগ্য গণনার মতো বিষয় প্রকাশ ও প্রচার থেকে ভারতীয় গণমাধ্যমগুলোকে বিরত থাকতে বলা হয় এতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১২১৭ ঘ.