বেইজিং, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পেশা হিসেবে জল্লাদের কাজ খুব কঠিন কিছু নয় বলে মন্তব্য করেছেন চীনে জল্লাদ পেশায় নিয়োজিত হু জিয়াও।
সোমবার বেইজিং ইভিনিং নিউজ পত্রিকায় জল্লাদ পেশায় নিয়োজিতদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে হু এর অভিজ্ঞতা।
অভিজ্ঞ বিচারিক পুলিশ কর্মকর্তা হু জিয়াও চীনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ার বর্ণনা করে বলেন, "বাইরের লোকেরা যতোটা জটিল মনে করে, ব্যাপারটি মোটেও তেমন নয়।"
"আমরা মৃত্যুন্ডপ্রাপ্ত আসামির চার মিটার দূরে দাঁড়িয়ে এক মিটার লম্বা ব্যারেলের রাইফেল দিয়ে লক্ষ্য ঠিক করি, তারপর ট্রিগার টেনে দেই, সঙ্গে সঙ্গে কাজ শেষ।"
চীনে খুনসহ আরো বেশ কিছু অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, পৃথিবীর যেকোনো দেশের তুলনায় চীনে বেশি মৃত্যুদণ্ড দেওয়া ও কার্যকর করা হয় ।
হু জানান, বেশিরভাগ মানুষই মৃত্যুদণ্ড কার্যকর করার সময় দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটু ভেঙে পড়ে যায়।"
তবে ব্যতিক্রমী এক ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, "একবার খুনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া এক সাবেক সেনা গুলি করার আগ মুহূর্তে দাঁড়িয়ে যায় এবং বন্দুকের দিকে দৌড়াতে শুরু করে। ফলে চলন্ত লক্ষ্যে গুলি চালাতে হয়েছিলো।"
১৯ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত সাবেক সেনা কর্মকর্তা জিয়াও বলেন, "কৃত অপরাধের জন্য এসব মানুষ তাদের প্রাপ্যটাই পায়।"
হু জানান, নবনিযুক্ত পুলিশদের জল্লাদের কাজে নিয়োগ দেওয়া হয় না।
জল্লাদের কাজ শুরুর আগে তাকে অন্তত দুটো মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া দেখতে দেওয়া হয়েছিলো বলে জানান হু।
এরপর নিজে এ কাজ শুরু করার সময় বেশ উদ্বিগ্ন ছিলেন হু। তবে এ উদ্বেগ ভয়ের জন্য নয়, বরং সফলভাবে লক্ষ্যভেদ করতে না পরলে সহকর্মীদের হাসির পাত্র হতে হবে বলে।
প্রতিবছর মোট কতোজনকে মৃত্যুদণ্ড দেওয়া এবং কার্যকর করা হয়, তার কোনো পরিসংখ্যান প্রকাশ করে না চীন। তবে স¤প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করার কাজটি আরো সহজ করার জন্য বন্দুকের বদলে প্রাণঘাতী বিষাক্ত ইনজেকশন ব্যবহার শুরু হচ্ছে।
২০১০ সালে যুক্তরাষ্ট্রে ৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর প্রায় সবগুলোই বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/এলকিউ/১৯০৪ঘ.
bdnews24