ক্যানবেরা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রির উদ্যেগ নিলেও পাকিস্তান বা ইসরায়েলের কাছে ইউরেনিয়াম বিক্রির কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
মঙ্গলবার তিনি সাংবাদিকদের জানান, যে সব দেশ পরমাণু বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি, তিনি চান ডিসেম্বরে তার দল লেবার পার্টির জাতীয় সম্মেলনের সময়, সেসব দেশের ওপর থেকে ইউরেনিয়াম রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিতে।
তবে এই সুযোগ তৈরি করা হবে কেবল ভারতের জন্য।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি বিশ্বাস করি ভারতে ইউরেনিয়াম বিক্রির বিষয়ে লেবার পার্টির অবস্থান পরিবর্তন করার সময় হয়েছে। এটা অস্ট্রেলিয়ার অর্থনীতির জন্য ভালো হবে, আর এতে কর্মসংস্থানও বাড়বে।"
"এটা ভারতের সাথে আমাদের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রেও নতুন একটি অধ্যায়ের সূচনা করবে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো," বলেন তিনি।
ভারতে ইউরেনিয়াম রাপ্তানির এ পরিকল্পনা নিয়ে লেবার পার্টির সম্মেলনে তীব্র বিতর্কের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে লেবার দলে ডানপন্থি অংশের প্রাধান্য থাকায় প্রস্তাবটি পাশ করতে তেমন বেগ পেতে হবেনা বলেই মনে করেন বিশ্লেষকরা।
এ প্রস্তাব বাস্তবায়নের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে না। বিরোধী রক্ষণশীল দলও ভারতে ইউরেনিয়াম রপ্তানিতে সম্মতি দিয়েছে।
তবে লেবার দলের মিত্র গ্রিন পার্টি এ উদ্যোগের সমালোচনা করে বলেছে, এতে এশিয়ায় পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, আর তাতে অষ্ট্রেলিয়ার নিরাপত্তা হুমকীর মুখে পড়বে।
ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রির উদ্যেগ নিলেও এনপিটিতে স্বাক্ষর না করা পাকিস্তান ও ইসরায়েলের কাছে ইউরেনিয়াম বিক্রির কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন গিলার্ড।
ভারত, পাকিস্তান ও ইসরায়েল ছাড়াও উত্তর কোরিয়াও এনটিপিতে স্বাক্ষর করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২৩৬ ঘ.
bdnews24