রোম/এথেন্স, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোরেয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ মুহূর্তেই ইউরোপ সম্ভবত সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে সোমবার মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
ইউরো জোনের ঋণ সংকটের কারণে স¤প্রতি ইতালি ও গ্রিসের প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন। সংকট কাটতে দেশ দুটিতে নতুন সরকার গঠন করা হচ্ছে।
দু'দেশের নতুন প্রধানমন্ত্রী ইতালির মারিয়ো মোন্তি ও গ্রিসের লুকাস পাপাদেমোস রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করা হচ্ছে।
জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লেইপজিগে দেওয়া এক ভাষণে আঙ্গেলা বলেন, "ইউরোপ এখন সবচেয়ে কঠিন সময়ে, সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন সময় পার করছে।"
ইউরো ব্যর্থ হলে ইউরোপ ব্যর্থ হতে পারে- এ আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "ইউরো ব্যর্থ হওয়া মানে ইউরোপ ব্যর্থ হওয়া এবং আমার তা প্রতিরোধ করতে চাই এবং করবো। এজন্যই আমরা কাজ করছি, কারণ এ প্রকল্পের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে।"
তবে ভাষণে তিনি সংকট থেকে উত্তরণের কোন পথ দেখাননি। এ অর্থনৈতিক সংকটে দেউলিয়া গ্রিস, আয়ারল্যান্ড ও পর্তুগাল। এমনকি ১৭ টি রাষ্ট্রের অর্থনৈতিক জোটের অস্তিত্বও হুমকির মুখে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৩ঘ.
bdnews24