২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজারে আশ্রিত গাদ্দাফিপুত্র সাদি

লিবিয়ার নিহত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাইজার গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

জোহানেসবার্গ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নিহত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাইজার গ্রহণ করেছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়। নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইস্সুফু বলেন, মানবিক কারণে সাদির রাজনৈতিক আশ্রয়ের আবেদন গৃহীত হয়েছে। তবে গাদ্দাফির পলাতক আর এক ছেলে সাইফ আল ইসলামের ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইস্সুফু। চলতি বছরের অগাস্টে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) লিবিয়ার ক্ষমতা নেওয়ার পর ব্যবসায়ী ও সাবেক পেশাদার ফুটবলার সাদি সীমান্ত পাড়ি দিয়ে নাইজারে পালিয়ে যান। লিবিয়ায় দীর্ঘ আট মাস গৃহযুদ্ধের মধ্যদিয়ে ক্ষমতাচ্যুত ও নিহত হন গাদ্দাফি। সাদিকে আশ্রয় দেওয়ার খবরে ইতোমধ্যে এনটিসিশাসিত লিবিয়া অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নাইজার সরকারের টানাপড়েন দেখা দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় দুই দিনের এক সফরশেষে এক সংবাদ সম্মেলনে ইস্সুফু বলেন, সাদিকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে। আর সাইফ নাইজারে নেই। তবে সে (সাইফ) নাইজারে আসলে আইন, গণতন্ত্র ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য নাইজারের এ অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে লিবিয়ার অন্তর্বর্তী সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৩৩ ঘ.